ব্র্যাডম্যানের পর সেরা হবেন স্মিথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের অক্টোবরে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, স্টিভেন স্মিথ হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক। তখনো মাইকেল ক্লার্কের যুগ চলছে, স্মিথের ঝুলিতে তখন মাত্র ১২টি টেস্টের অভিজ্ঞতা। রিকি পন্টিংয়ের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে খুব বেশি সময় নেয়নি। ২০১৪ সালের নভেম্বরেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ক্লার্কের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান। ২০১৫ অ্যাশেজের পর ক্লার্ক অবসর নিলে পাকাপাকিভাবেই দায়িত্ব এসে পড়ে স্মিথের কাঁধে।
সেই স্মিথকে নিয়ে এবার পন্টিংয়ের আরও একটা ভবিষ্যদ্বাণী! আর এটা সত্যি হলে সবচেয়ে খুশি হবে সম্ভবত ক্রিকেট অস্ট্রেলিয়াই। এই ফর্ম ধরে রাখতে পারলে ডন ব্র্যাডম্যানের পর স্মিথই অস্ট্রেলিয়ার ইতিহাসে সেরা ব্যাটসম্যান হবেন বলে মনে করেন পন্টিং।
ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়া তো আর কারও পক্ষে সম্ভব নয়। তবে ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান বললে সবার আগে পন্টিংয়ের নামটাই মাথায় আসে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক নিজেই আশাবাদী, স্মিথ ছাড়িয়ে যেতে পারবেন তাঁকেও। ১৬৮ টেস্টে ৫১.৮৫ গড়ে ১৩৩৭৮ রান পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার হয়ে যা সর্বোচ্চ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ৬০.৩৪ গড়ে ৪৮৮৮ রান স্মিথের। পন্টিংকে ছুঁতেই তাই এখনো অনেক পথ পাড়ি দিতে হবে স্মিথকে। তবে উত্তরসূরির মধ্যে সেই সম্ভাবনা যথেষ্টই দেখছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘এখন পর্যন্ত যেভাবে খেলেছে, স্মিথ যদি এভাবেই ১০০ টেস্ট খেলতে পারে, ও আমার চেয়েও ভালো ব্যাটসম্যান হবে। এখন তো সে ভুল-টুলও খুব একটা করছে না, তাই না?’
বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে আর ১১২ রান করলেই ব্র্যাডম্যান (৫১ ইনিংস) ও জ্যাক হবসের (৯১ ইনিংস) পর তৃতীয় দ্রুততম হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছোঁবেন স্মিথ। চলে আসবেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেনের পাশে। ২১ টেস্টে অধিনায়কত্ব করেছেন স্মিথ, অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় ৭৩.৩৭। কমপক্ষে ১০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে ভালো গড় শুধু ডন ব্র্যাডম্যানের (১০১.৫১)। সবকিছু মিলিয়েই স্মিথের মধ্যে ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা দেখছেন পন্টিং, ‘আমি জানি, ওর মধ্যে সেই তীব্র ইচ্ছাটা আছে, যতটা সম্ভব ভালো খেলোয়াড় হওয়ার, সম্ভব হলে সর্বকালের সেরা হওয়ারও।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।