
লারা, না টেন্ডুলকার?—নব্বইয়ের দশকের শেষ আর এই শতাব্দীর শুরুর দিকের কয়েক বছর সম্ভবত এটিই ছিল ক্রিকেটের সবচেয়ে বড় বিতর্ক। খেলোয়াড়ি জীবনেই এই বিতর্ক অনেকটা দূরে সরিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার, অন্তত পরিসংখ্যানের বিচারে। ব্রায়ান লারা নিজেও ঘোষণা করেছিলেন ভারতীয় কিংবদন্তির শ্রেষ্ঠত্ব। কিন্তু সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় টেন্ডুলকারের অবস্থান কোথায়?
এই প্রশ্নের অনেক উত্তর আসতে পারে। এত বছরে, কত অসাধারণ সব ব্যাটসম্যানের মাঝে একজনকে আলাদাভাবে বিবেচনা করা কঠিনই। তবে কঠিন এই প্রশ্নটার সহজ উত্তর দিয়েছেন রিকি পন্টিং। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের চোখে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় স্যার ডন ব্র্যাডম্যানের পরেই টেন্ডুলকার।
ক্যারিয়ারজুড়ে ভারতীয় কিংবদন্তিকে নিয়ে লেখা উইজডেনের প্রতিবেদনগুলোর সংকলনে টেন্ডুলকার ইন উইজডেন: এন অ্যান্থলজি নামে একটি বই প্রকাশিত হয়েছে ১১ ফেব্রুয়ারি। এই বইয়েই পন্টিং লিখেছেন, ‘ব্র্যাডম্যানের পর সে-ই (টেন্ডুলকার) আমার কাছে সর্বকালের সেরা ব্যাটসম্যান। যদিও ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য ব্রায়ান লারাকেও অনেক সম্মান করি, তবে মনে হয় না খেলাটি থেকে শচীনের মতো অর্জন আর কোনো ব্যাটসম্যানের পক্ষে সম্ভব হবে। সতীর্থ বা প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, এমন ব্যাটসম্যানদের মধ্যে শচীনই সেরা। কেননা ব্যাটিংটা কতই না সহজ মনে করিয়েছে তো সে-ই।’
টেন্ডুলকারের ব্যাটিং-দক্ষতা নিয়ে নতুন কিছু বলার নেই। তবে শুধু রানের হিসাবের বাইরেও ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটসম্যানের খেলার অন্য দিকগুলো উঠে এসেছে পন্টিংয়ের লেখায়, ‘খেলাটির জন্য ওর যে চিরায়ত ভালোবাসা আর লক্ষ্য অর্জনের জন্য নিয়ত চেষ্টা, সেটি বিস্ময়কর। ২৪ বছর ধরে প্রতিটি দিন নিজেকে অনুপ্রাণিত করা, ক্ষুধাটা ধরে রাখা, ফিট থাকা—এই বিষয়গুলোকে অনেক শ্রদ্ধা করি। ওঁর বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল, ২০১১ সালে ষষ্ঠবারের চেষ্টাতে সেটিও করে দেখিয়েছে।’
পন্টিং নিজেও ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের তালিকায় ওপরের দিকেই থাকবেন। তবু অস্ট্রেলীয় কিংবদন্তি মনে করেন ভারতীয় ব্যাটিং-বিস্ময়ের রেকর্ডগুলো ছোঁয়া প্রায় অসম্ভব, বিশেষত তাঁর ২০০ টেস্ট আর ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির এভারেস্টসম রেকর্ডের চূড়ায় কারও পক্ষে কখনো পৌঁছানো সম্ভব হবে না।
ব্যাটিংয়ের পাশাপাশি ব্যক্তিত্বের বিচারেও টেন্ডুলকারের ক্যারিয়ার তরুণ ক্রিকেটারদের জন্য অবশ্যপাঠ্য বিষয়। ১৬ বছর বয়সে শুরু, ৩৯ বছর বয়সে বিদায়—ক্রিকেট মাঠেই পরিণত হয়েছেন টেন্ডুলকার। পুরো সময়টাতেই মাঠ ও মাঠের বাইরে নিখাদ পেশাদার টেন্ডুলকার পন্টিংয়ের চোখে ‘নম্র স্বভাবের’ মানুষ। জাতীয় দলে টেন্ডুলকারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন, পরে আইপিএলে খেলতে এসে পেয়েছেন একই দলে। দুই ভূমিকাতেই টেন্ডুলকারকে দেখার অভিজ্ঞতা থেকে লিখেছেন, ‘মাঠের খেলায় আবেগ কখনো তাকে ছাপিয়ে যেতে পারেনি। মাঠের বাইরেও সে একই রকম—শান্ত, স্থির। তবে ড্রেসিংরুমে কিছুটা বিচলিত হয়ে পড়ত। কিছু সংস্কার ছিল তার। বসে বসে ওকে দেখাটাও ছিল মজার অনুভূতি।’
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই ছিলেন পন্টিং। এখনো আছেন। এই কারণে টেন্ডুলকারকে ভালোভাবে জানার সুযোগ হয়েছে তাঁর। সেই অভিজ্ঞতার বর্ণনাও ছিল সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের লেখায়, ‘প্রচারের আলোর বাইরে পানীয় হাতে ওর সঙ্গে আড্ডাগুলো অনেক আনন্দের ছিল। আমার মনে হয়, এতে দুজনের প্রতি সম্মানটা আরও বেড়ে গেছে।’ টাইমস অব ইন্ডিয়া।