ব্র্যাডম্যানের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬ বছরের ব্যবধান, কিন্তু দিন-মাস হুবহু এক। স্যার ডন ব্র্যাডম্যান আর মাহেলা জয়াবর্ধনের শেষ টেস্ট শুরু ও শেষ একই তারিখে। দুজনের শেষের মিল শেষ নয় এখানেই। শেষবেলার কীর্তিতেও এখন একই বন্ধনীতে স্রেফ এই দুজন। ক্যারিয়ারের শেষ পঞ্জিকাবর্ষে হাজার টেস্ট রান ছুঁয়েছেন শুধু এই দুজনই! ব্র্যাডম্যান বছরে হাজার রান করেছিলেন ওই একবারই। বছরে পাঁচটির বেশি টেস্টই খেলতে পেরেছিলেন মাত্র তিনবার। ১৯৩০ সালে ৬ টেস্ট খেলে ১২২.২৫ গড়ে করেছিলেন ৯৭৮, পরের বছর ৭ টেস্টে ১০৫.৫৫ গড়ে ৯৫০। সবচেয়ে বেশি ৮ টেস্ট খেলেছেন ১৯৪৮ সালে, শেষের সেই বছরে ১০২৫ করেছিলেন ১১৩.৮৮ গড়ে। এবারের আগে দুবার বছরে হাজার ছুঁয়েছিলেন জয়াবর্ধনে, ২০০১ ও ২০০৯ সালে। এ বছর ১০ টেস্টে ৫৯ গড়ে ১০০৩।