ব্র্যাডম্যানের পাশে কুক

মোহাম্মদ আমিরকে ফ্লিক করে ২ রান নিলেন অ্যালিস্টার কুক। এরপর শূন্যে এক লাফ—তিন অঙ্ক ছুঁয়ে যেন আকাশে উড়তে চাইলেন ইংলিশ অধিনায়ক! ওড়ার মতোই এক উপলক্ষ পেয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরি করে কুক নাম লিখিয়েছেন ডন ব্র্যাডম্যানের পাশে। কুকের সঙ্গে জ্বলে উঠেছেন জো রুটও। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিনে চা বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ড করেছে ২ উইকেটে ২১০ রান।
মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক বলে ১০ রান করে বোল্ড হন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট জুটিতে কুক-রুট যোগ করেন ১৮৫। কুক তুলে নেন তাঁর টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। আর এতেই সেঞ্চুরি সংখ্যায় স্যার ডনকে ছুঁয়ে ফেললেন ইংলিশ ওপেনার। ব্র্যাডম্যান অবশ্য ২৯ সেঞ্চুরি করেছিলেন ৫১ টেস্টে, কুকের সেখানে ১৩১ টেস্টে।
আমিরের ওভারে যেমন পেয়েছিলেন আনন্দের উপলক্ষ, আমিরেই কাটা পড়লেন কুক। পাকিস্তানি ফাস্ট বোলারের বলে বোল্ড হওয়ার আগে তাঁর রান ১০৫। এ নিয়ে টানা তিন টেস্টে কুককে আউট করলেন আমির।
অপর প্রান্তে থাকা রুট অপরাজিত আছেন ৮৭ রানে। ইংল্যান্ডের দুটি উইকেটই নিয়েছেন আমির। স্টার স্পোর্টস ১।