ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় কুকের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ সেঞ্চুরি করে খুশি কিন্তু ব্রাডম্যানের সঙ্গে তুলনায় যেতে চান না কুক। ছবি: এএফপি।
২৯ সেঞ্চুরি করে খুশি কিন্তু ব্রাডম্যানের সঙ্গে তুলনায় যেতে চান না কুক। ছবি: এএফপি।

স্যার ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরি। ২৯টি অ্যালিস্টার কুকেরও। কিন্তু স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে নিজের তুলনায় যেন একটু লজ্জাই পেলেন ইংলিশ অধিনায়ক! কিংবদন্তি ব্র্যাডম্যান যেখানে মাত্র ৫২টি টেস্ট খেলে ২৯টি সেঞ্চুরি করেছিলেন, সেখানে তাঁর সমান সেঞ্চুরি করতে কুককে খেলতে হলো ১৩১টি টেস্ট। তাই ব্র্যাডম্যানের সঙ্গে নিজের তুলনায় যেতে চান না কুক। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলা ২৯তম টেস্ট সেঞ্চুরিটি করার পর বললেন, ‘দুটির মধ্যে তুলনা হয় না। তিনি এটা (২৯টি টেস্ট সেঞ্চুরি) করেছিলেন আমার চেয়ে অর্ধেক কিংবা তারও কম ম্যাচ খেলে। তবে ভালো লাগছে সেঞ্চুরি সংখ্যায় ২৮ পেরোতে পেরেছি বলে।’
লর্ডসের প্রথম টেস্টের স্মৃতিটা খুব দ্রুতই মুছে ফেলতে চায় কুকের ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে হেরে ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়িয়েছে তারা। অধিনায়ক কুকই এই ‘ঘুরে দাঁড়ানো’র নায়ক। ১৭৫ বলে তাঁর ১০৫ রানের ইনিংসটি ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর ভিত্তি হিসেবে কাজ করেছে। ব্র্যাডম্যানের ছোঁয়ার দিনে আরও একটি কুক ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গ্রাহাম গুচের ১১ সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন। ছাড়িয়েছেন আরেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনকেও। এত দিন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৩০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড ছিল আথারটনের। গতকালের সেঞ্চুরিটি দিয়ে তাঁকে ছাড়িয়ে গেলেন।
গত অক্টোবরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ২৬৩ করার পর এটাই সেঞ্চুরি কুকের। মাঝখানে ১০ টেস্ট পর তিন অঙ্কের রানের দেখা পেয়ে কুক খুশি তো বটেই, একটু নির্ভারও, ‘প্রথম ইনিংসের সেঞ্চুরিটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বেশ অনেক দিন পরেই আমি ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করলাম।’ সূত্র: এএফপি।