ব্র্যাডম্যানের ৮১ বছর পর ওয়ার্নার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নার
ওয়ার্নার

নিস্তরঙ্গ একটা দিনের শেষ প্রান্তে বেশ ‘​উত্তেজনা’ ছড়াল। এ যেন টায়ে টায়ে ছুটে চলা কোনো ম্যাচের শেষ প্রান্তের সমীকরণ। ৩০ বলে দরকার ২০, ২৪ বলে ১৪, ১৮ বলেও ১৪...। পারবেন কি ডেভিড ওয়ার্নার? না, পারলেন না। মাত্র ছয়টি রানের জন্য হলো না! কী, ২৫০!

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের মতো পার্থেও নিউজিল্যান্ডের বোলারদের ওপর নির্যাতন চলল। আরও একবার উদ্বোধনী জুটিতে ১০০, আরও একবার ১ উইকেটে ৩০০-র বেশি রান জমা পড়ে গেল স্কোরবোর্ডে। ম্যাচে উত্তেজনা বলতে একটাই মুহূর্ত ছিল ওয়ার্নারের ২৫০ নিয়ে। টেস্ট ইতিহাসেই যে ম্যাচের প্রথম দিনে ২৫০ করে ফেলার কীর্তি এতগুলো বছরেও ছিল মাত্র একজনের—ডন ব্র্যাডম্যান!
২৫০ আসলে নয়, আরও স্পষ্ট করে বললে টেস্ট ম্যাচের প্রথম দিনেই ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর একমাত্র কৃতিত্বটা আছে স্যার ডনের। ১৯৩০ সালের হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে ব্র্যাডম্যানের নামের পাশে জ্বলজ্বল করছিল অপরাজিত ৩০৯। ম্যাচের প্রথম দিনে ২৫০ রানের ইনিংসও খেলতে পারেনি আর কেউ। এমনকি ব্র্যাডম্যানও না। আরও একবার ব্র্যাডম্যান কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ওয়ার্নারের মতো তাঁকেও ছয়টি রানের আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়। ১৯৩৪ সালের ওভাল টেস্টে ২৪৪ করে আউট হয়ে গিয়েছিলেন।
আজ ঠিক ২৪৪ করে অপরাজিত থাকলেন ওয়ার্নারও। মনে করিয়ে দিলেন ব্র্যাডম্যানকে। ৮১ বছর পর এই প্রথম টেস্টের প্রথম দিনে কেউ এত রান করল। ম্যাচের প্রথম দিন বাদ দিলেও পাঁচ দিনের যেকোনো এক দিনের হিসাবেও এটি সপ্তম সর্বোচ্চ রান। ওয়ার্নারের ২৪৪, তাঁর বাল্যবন্ধু উসমান খাজার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে (১২১) পার্থেও প্রথম দিনটা ক্লান্তিকর কাটল নিউজিল্যান্ডের। ২ উইকেটে ৪১৪ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
এক দিনে সবচেয়ে বেশি রান তোলার সর্বোচ্চ সাতটি ইনিংসের দিকে তাকালে দেখবেন, তিনটিতেই জ্বলজ্বল করছে ব্র্যাডম্যানের নাম। এখান থেকেই বোঝা যায় সর্বকালের সেরা ব্যাটসম্যানটির মাহাত্ম্য। আরও একটি ব্যাপার বলে রাখা জরুরি। ওয়ার্নার ছাড়া এই তালিকায় আধুনিক ক্রিকেটে একজনই আছেন—বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে শেবাগ এক দিনে ২৫৭ রান করেছিলেন। পরের বছর এক দিনে ট্রিপল সেঞ্চুরি করে ফেলার কীর্তিটার অনেক কাছে গিয়ে তুলেছিলেন ২৮৪ রান।
ওয়ার্নার আজ আরও একটা কীর্তি ছুঁয়েছেন। ১৯৬৮ সালে বিল লরির পর এই প্রথম একই সিরিজে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান দুটো ১৫০ রানের ইনিংস খেলল!

টেস্টে এক দিনে সর্বোচ্চ রান
স্কোর       ব্যাটসম্যান         দল        প্রতিপক্ষ        সাল/ভেন্যু
৩০৯     ডন ব্র্যাডম্যান    অস্ট্রেলিয়া      ইংল্যান্ড          ১৯৩০/হেডিংলি
২৯৫     ওয়ালি হ্যামন্ড    ইংল্যান্ড        নিউজিল্যান্ড     ১৯৩৩/অকল্যান্ড
২৮৪    বীরেন্দর শেবাগ   ভারত          শ্রীলঙ্কা           ২০০৯/মুম্বাই
২৭৩    ডেনিস কম্পটন    ইংল্যান্ড       পাকিস্তান         ১৯৫৪/ট্রেন্ট ব্রিজ
২৭১    ডন ব্র্যাডম্যান     অস্ট্রেলিয়া       ইংল্যান্ড          ১৯৩৪/হেডিংলি
২৫৭   বীরেন্দর শেবাগ   ভারত দক্ষিণ   আফ্রিকা          ২০০৮/চেন্নাই
২৪৪   ডন ব্র্যাডম্যান     অস্ট্রেলিয়া       ইংল্যান্ড          ১৯৩৪/ওভাল
২৪৪  ডেভিড ওয়ার্নার    অস্ট্রেলিয়া       নিউজিল্যান্ড     ২০১৫/পার্থ