ব্লুমফন্টেইনে বৃষ্টি, খেলা শুরু হবে দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির হানা ব্লুমফন্টেইনে। ছবি: তারেক মাহমুদ
বৃষ্টির হানা ব্লুমফন্টেইনে। ছবি: তারেক মাহমুদ

আবহাওয়ার পূর্বাভাসে আজ সকালে বৃষ্টির সম্ভাবনা ছিলই। সেই বৃষ্টি থেমে যাওয়ার কথা সকাল ১০টার আগে। কিন্তু ব্লুমফন্টেইনে এই প্রতিবেদন লেখার সময়ও চলেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে তাই একটু বিলম্বই হচ্ছে। 

উইকেট এবং ৩০ গজের অনেকটাই কাভারে ঢাকা। মানগাউং ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো। তবু মাঠ খেলার জন্য প্রস্তুত করতে বৃষ্টি থামার পরও লেগে যেতে পারে ঘণ্টা দেড়েক সময়। তবে সর্বশেষ খবর, বৃষ্টি থেমেছে।  খেলা শুরু হবে স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। লাঞ্চ বিরতি ১টায় (বাংলাদেশ সময় ৫টা)।

এর মধ্যেও একটা সুখবর আছে বাংলাদেশ শিবির থেকে। কাল পাওয়া হাঁটুর চোট অনেকটাই কাটিয়ে উঠছেন ইমরুল কায়েস। এখন ব্যথা নেই। চাইলে ফিল্ডিংয়ের শুরু থেকেই মাঠে নামতে পারেন। না নামলেও ক্ষতি নেই। ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘চোটটা যেহেতু বাহ্যিক (এক্সটারনাল), ওর ওপেনিংয়ে ব্যাট করতে সমস্যা হবে না। ফিল্ডিং না করলেও ইমরুল শুরু থেকেই ব্যাট করতে পারবে।’তার আগে অবশ্য বাংলাদেশের বোলারদের অলআউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। অথবা ইনিংস ঘোষণা করতে হবে ফাফ ডু প্লেসিকে। প্রথম দিন শেষে ডিন এলগার ও এইডেন মার্করামের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৪২৮ রান করেছে প্রোটিয়ারা । হাশিম আমলা ৮৯ এবং ডু প্লেসি ৬২ রান নিয়ে অপরাজিত আছেন।