পরশু শেষ সেশনে ছিল বৃষ্টি। বৃষ্টি ছিল কাল তৃতীয় দিন সকালেও। দিনের প্রথম বলের পরই শুরু হওয়া বৃষ্টি আধা ঘণ্টা পর থেমে যায়। তবে সরেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ঘনিয়ে আসা মেঘ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫১৪ রানের জবাবে ক্যারিবীয়রা পড়েছে ফলোঅনে। প্রথম ইনিংসে ১৬৮ রানে অলআউট, এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে ১০০ রান।
১ উইকেটে ৪৪ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজের ব্যাটিং লাইনআপ কাল উড়িয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। কাইল হোপ ও রোস্টন চেজের উইকেট দুটি নিয়েছেন অসাধারণ দুই বলে, আর কাইরন পাওয়েলকে রানআউট করেছেন সরাসরি থ্রোয়ে। তাতেই ৪৫ থেকে ৪৭—এই ২ রানের মধ্যেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের! এরপর টবি রোল্যান্ড-জোন্স (টিআরজে) ও মঈন আলী ভেঙে দেন ক্যারিবীয় লোয়ার মিডল অর্ডার। আর শেষ দিকে কেমার রোচ ও আলজারি জোসেফকে ফিরিয়ে স্টুয়ার্ট ব্রড তুলে নিয়েছেন তাঁর ৩৮০ ও ৩৮১তম টেস্ট উইকেট। কিংবদন্তি ইয়ান বোথামকে ছুঁতে আর দুটি উইকেট দরকার ব্রডের।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্যারিবীয়দের হয়ে একাই লড়েছেন জার্মেইন ব্ল্যাকউড। শেষ পর্যন্ত ৭৬ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন। দল ৭ উইকেট হারানোর পর পেয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি। সেটিও মাত্র ৪৯ বলে!
তাতেও অবশ্য শেষরক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ফলোঅনে পড়তেই হয়েছে। ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেও সেই একই গল্প। আউট হওয়া চার ব্যাটসম্যানের মধ্যে শুধু ব্রাফেটই যা রান করেছেন (৪০)। এই প্রতিবেদন লেখার সময় রোস্টন চেজ অপরাজিত ছিলেন ২২ রানে, তাঁর সঙ্গী সেই ব্ল্যাকউড (১১*)। ক্রিকইনফো।