ব্ল্যাটারের নিষেধাজ্ঞা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দরজায় কড়া নেড়ে কোনো লাভ হলো না সেপ ব্ল্যাটারের। ফিফার সাবেক এই সভাপতির আপিলে সাড়া দেননি বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত। ব্ল্যাটারকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নৈতিকতা কমিটির দেওয়া ছয় বছরের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সর্বোচ্চ ক্রীড়া আদালত।

ফিফায় ১৭ বছর সভাপতিত্ব করার সময় অনেক অনৈতিক কাজ করেছেন ব্ল্যাটার। তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর এগুলো নিয়ে তদন্ত করে ফিফার নৈতিকতা কমিটি। ২০১১ সালে উয়েফা সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ব্ল্যাটারের ২০ লাখ ইউরো দেওয়ার অভিযোগের সত্যতাও মেলে তদন্তে। নৈতিকতা কমিটি এরপর তাঁকে আট বছরের জন্য নিষিদ্ধ করে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকেও দেওয়া হয়েছিল একই শাস্তি। ফিফার আপিল কমিটি পরে দুজনের নিষেধাজ্ঞা দুই বছর করে কমিয়ে দেয়।

আপিল করার পর সিএএস প্লাতিনির শাস্তির মেয়াদ দুই বছর কমিয়ে চার বছর করে দেন। তবে আপিল করে ফল পেলেন না ব্ল্যাটার। এটি অবশ্য মেনেই নিয়েছেন এই সুইস ফুটবল সংগঠক, ‘এ সিদ্ধান্ত মেনে নিতে হবে আমাকে। ফিফায় ৪১ বছরে অনেক কিছু দেখেছি আমি। সবচেয়ে বেশি শিখেছি যে আপনি খেলায় জিততে পারেন আবার হারতেও পারেন।’ এএফপি।