বড় ইনিংস খেলেও বড় হতে পারেননি যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটের প্রথম ৫০০ রান করা ব্যাটসম্যান কলিন্স। সংগৃহীত ছবি
ক্রিকেটের প্রথম ৫০০ রান করা ব্যাটসম্যান কলিন্স। সংগৃহীত ছবি

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে প্রণব ধানাওয়ারের ইনিংসটি। প্রথমবারের মতো এক ইনিংসেই ১০০০ রান করেছে প্রণব। ১১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক এখন মুম্বাইয়ের এই স্কুলবালক। তার এই ইনিংসের কল্যাণেই ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিকদের নাম নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে আবার। সেখানেই পাওয়া গেল অদ্ভুত এক মিল, সর্বোচ্চ রানের রেকর্ডে নাম লেখানো এই ক্রিকেটাররা কেউই আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে পারেননি।
কাল প্রণব ভেঙেছে আর্থার কলিন্সের রেকর্ড। ১৮৯৯ সালে ১৩ বছর বয়সী কলিন্স ক্লার্ক হাউজের হয়ে ৬২৮ রান করেছিলেন। এরপরই  তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু আলোচনার কেন্দ্রে থাকতে পারার চাপ নিতে পারেননি কলিন্স। ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার পর তো ক্রিকেটে আর ঠিকভাবে মনোযোগই দিতে পারেননি। মাত্র ২৯ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করার আগে ইংল্যান্ড দলের হয়ে কখনো খেলা হয়নি তাঁর।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের মাঝে তৃতীয় স্থানে আছেন যিনি, চার্লস ইডাই অবশ্য কলিন্সের চেয়ে ভাগ্যবান। অস্ট্রেলিয়ার হয়ে দুটি টেস্ট খেলতে পেরেছিলেন এই অলরাউন্ডার। মাত্র ২০ রান ও ৭ উইকেট নিয়েই তাঁর ক্যারিয়ার শেষ হয়। রেকর্ড গড়া ৫৬৬ রানের ইনিংসটি টেস্ট দল থেকে বাদ পড়ার পরই খেলেছিলেন তিনি ১৯০২ সালে।

প্রণবের স্বদেশি আরও দুই সাবেক ক্রিকেটার ৫০০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ১৯৩৩-৩৪ মৌসুমে ডি আর হাভেওয়াল্লা ও ১৯৫৬-৫৭ মৌসুমে চমনলাল নামের দুই স্কুল ক্রিকেটার যথাক্রমে ৫১৫ ও ৫০২ রান করেছিলেন। কিন্তু স্কুল ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এ দুজন কখনোই ভারতীয় দলে জায়গা করতে পারেননি।
আরেক অস্ট্রেলিয়ান জেসি শার্প ১৯১৫ সালে ৫০৬ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু এই ক্রিকেটারও স্কুলের গণ্ডি পেরোনোর পর আর নিজের নাম ধরে রাখতে পারেননি।
৫০০ পেরোনো আরও দুজন আছেন।  তাঁদের একজন আরেক ভারতীয় প্রিতভি। দুই বছর আগে স্কুল ক্রিকেটেই ৫৪৬ রান করেছিল সে। তার ক্রিকেটীয় জীবনের অবশ্য বাকি আছে পুরোটাই।
৫০০ পেরোনো আরেক ক্রিকেটার অবশ্য টেস্ট ইতিহাসের সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইনিংসের শুধু দুটির মালিকই নন, সর্বকালের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানও। ১৯৯৪ সালে কাউন্টিতে ৫০১ রান করেছিলেন ব্রায়ান লারা। তাঁর ওই ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সর্বোচ্চ হয়ে আছে। ৫০০ পেরোনো ক্রিকেটারদের মধ্যে লারাই একমাত্র সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছেন।
প্রণব ও প্রিতভি এখন কোন পথে হাঁটবে, রেকর্ড বইয়ে হারিয়ে যাওয়া বিস্ময় বালক হবে, নাকি ক্রিকেটের সত্যিকারের নায়ক, সেটি ভবিষ্যৎই বলে দেবে।