বড় ইনিংস দিয়ে যে 'ক্ষুদ্র' তালিকায় নাম লেখালেন ফোকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেন ফোকস। ছবি: এএফপি
সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেন ফোকস। ছবি: এএফপি
>ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ফোকস। উইকেটরক্ষক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেওয়ার নজির আছে মাত্র পাঁচটি

গলে প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৮৭ রানে। ১৮৪ বলের মোকাবিলায় খেলা ধৈর্যশীল ইনিংস। বেন ফোকসের এই ইনিংসে ভর করে শেষ পর্যন্ত পথে ফিরেছিল সকালের সেশনেই পথ হারিয়ে ফেলা ইংল্যান্ড। কালকের সেই নিবেদন আর ধৈর্যের পুরস্কারটা আজ তুলে নেওয়ার কথা ছিল ফোকসের। অর্থাৎ অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নিতে পারা। আজ দ্বিতীয় দিনে সেই লক্ষ্যে ফোকস পারা না পারার দোলাচলে ভুগে শেষ পর্যন্ত পারলেন!

সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে উইকেটে ফোকসের সঙ্গে যোগ দেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ১১তম ব্যাটসম্যান। তাও আবার স্ট্রাইকে। দিলরুয়ান পেরেরার করা সেই ওভারের বাকি চারটি বল কোনোমতে ঠেকিয়ে ফোকসকে সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন অ্যান্ডারসন। পরের ওভারে সুরঙ্গা লাকমলের ওপর চড়াও হয়ে তিন অঙ্কের দেখা পেয়ে যান ফোকস। টেস্ট অভিষেকে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি। শূন্যে লাফিয়ে বাতাসে ঘুষি মেরে উদ্‌যাপনটা তখন ফোকসকেই মানাচ্ছিল।

লাকমলের সেই ওভারেই আউট হয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১০ চারে সাজানো ২০২ বলে ১০৭ রানের ইনিংস। আগের দিন সকালের সেশনে ১০৩ রান তুলতেই ৫ উইকেট হারানো ইংল্যান্ড ফোকসের এই ব্যাটিংয়ে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৩৪২ রান তুলেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৩৪।

অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি দিয়ে বিরল এক তালিকায় নাম লেখালেন ফোকস। টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে মাত্র পাঁচজন উইকেটরক্ষক অভিষেক টেস্টে সেঞ্চুরির তুলে নিতে পেরেছেন। তাঁর আগে সর্বশেষ এই নজির গড়েছেন নিউজিল্যান্ডের টিম ব্লান্ডেল। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। ব্লান্ডেলের আগে ম্যাট প্রায়র। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০৭ সালে লর্ডসে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন প্রায়র।

এই পাঁচ ‘ভাগ্যবান’ উইকেটরক্ষকের মধ্যে দুজন করে ইংলিশ ও লঙ্কান। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে অভিষেকেই সেঞ্চুরির রেকর্ডটি শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর। আশির দশকে ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলা কুরুপ্পু ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বো টেস্টে এই কীর্তি গড়েন। কুরুপ্পু অবশ্য একটি জায়গায় বাকি পাঁচজনের চেয়ে আলাদা। অভিষেক টেস্টে একমাত্র উইকেটরক্ষক হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডটা এখনো তাঁর দখলে।

সেঞ্চুরির দ্বিতীয় নজিরও আরেক লঙ্কানের—রমেশ কালুভিথারানা। নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা আর ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তবে ফোকস আবার এই তালিকায় একটি জায়গায় আলাদা। বাকি চার উইকেটরক্ষক অভিষেক টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ঘরের মাঠে। ফোকস পেলেন ঘর থেকে বাইরে, মানে প্রতিপক্ষের মাঠে। আরও মজার ব্যাপার হলো, গল টেস্টে ফোকসের খেলার কথাই ছিল না। জনি বেয়ারস্টো চোট পাওয়ায় কপাল খুলে যায় ফোকসের। সুযোগটার কী দারুণ সদ্ব্যবহার না তিনি করলেন!

  খেলোয়াড়

   দল

    রান

 প্রতিপক্ষ

মাঠ

সাল

ব্রেন্ডন কুরুপ্পু

শ্রীলঙ্কা

২০১*

নিউজিল্যান্ড

কলম্বো

১৯৮৭

রমেশ কালুভিথারানা

শ্রীলঙ্কা

১৩২*

অস্ট্রেলিয়া

কলম্বো

১৯৯২

ম্যাট প্রায়র

ইংল্যান্ড

১২৬*

ওয়েষ্ট ইন্ডিজ

লর্ডস

২০০৭

টম ব্লান্ডেল

নিউজিল্যান্ড

১০৭*

ওয়েষ্ট ইন্ডিজ

ওয়েলিংটন

২০১৭

বেন ফোকস

ইংল্যান্ড

১০৭

শ্রীলঙ্কা

গল

২০১৮