বড় ম্যাচের অপেক্ষায় ছিলেন সাব্বির

দলের সেরা ব্যাটসম্যানদের একজন। চাইলে বলও তুলে নিতে পারেন হাতে। জাতীয় দলে এরই মধ্যে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু এবারের বিপিএলে শুরু থেকে নিষ্প্রভ তারকাদের একজন ছিলেন সাব্বির রহমান। দশ ম্যাচে ৬০ রান! সেই সাব্বির দুর্দান্তভাবে জ্বলে উঠলেন নকআউট পর্বে। পর পর দুটো বাধা টপকে বরিশাল বুলসকে ফাইনালে তোলার আসল নায়ক তিনিই। গত ম্যাচে গেইলের সঙ্গে পাল্লা দেওয়া ৪১ রানের পর আজ তো গেইলের অভাব মুছে দিলেন ৭৯ রানের ইনিংসে।
ম্যাচ শেষে সাব্বির ধন্যবাদ জানালেন দলকে। ব্যর্থ হওয়ার পরও দল আস্থা হারায়নি তাঁর ওপর। বরং এই আশ্বাস দিয়ে গেছে, চাপমুক্ত হয়ে খেলো। বড় ম্যাচে তুমি অবশ্যই জ্বলে উঠবে। সাব্বির বলেছেন, ‘বড় ইনিংস খেলতে পেরেছি অবশেষে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আমি আত্মবিশ্বাসী ছিলাম, বাজে সময় বেশিক্ষণ থাকবে না। কোচ ও দলের সবাই আমাকে সমর্থনও দিয়েছে। তাদেরও কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য। প্র্যাকটিসে সবাই আমাকে সাহস জুগিয়েছে। বলেছে, “সমস্যা নেই বড় ম্যাচেই রান পাবে তুমি।”
আজও ব্যাটিংয়ের শুরুতে ছিলেন চাপের মুখে। একে তো ১৬১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামার আগে ড্রেসিং রুম থেকেই চাপ সঙ্গে নিয়ে আসতে হয়। তার ওপর হুট করে দশ রানে পড়ে গেল দুই উইকেট। শুরুর এই ধাক্কাটা সামলে নিতে না পারলে বরিশাল পথই হারিয়ে ফেলত। কিন্তু শাহরিয়ার নাফীসকে সঙ্গে নিয়ে ৮৩ বলে ১২৪ রানের অসাধারণ এক জুটি বরিশালকে জয় প্রায় নাগালে এনে দিয়েছে।
শাহরিয়ারের অভিজ্ঞতাও খুব কাজে এসেছে বলে জানালেন সাব্বির, ‘শাহরিয়ার ভাই অনেক সাহায্য করেছেন। ওনাকে বলেছিলাম আপনি বাঁহাতি স্পিনারদের খেলুন, আমি অফ স্পিনারদের দেখছি। আমরা সব সময়ই ইতিবাচক ছিলাম। ম্যাচটিও তাই ভালোভাবেই জিতেছি। মাথায় কখনোই ঢোকাইনি আমাদের এত বড় রান তাড়া করতে হবে। সব সময় চেয়েছি রানের চাকা যেন সচল থাকে। ভালো বলে সিঙ্গেল নিয়েছি, খারাপ বলে মেরেছি।’
আসল বড় ম্যাচ তো সামনেই। সেই ম্যাচে জিতলেই না আসল নায়ক। সাব্বির নিজেও মুখিয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামতে, ‘এখন ফাইনালের জন্য অপেক্ষা। ইনশা আল্লাহ ফাইনালেও এই খেলা চালিয়ে যাব।’