বড় ম্যাচের জন্য মুম্বাইয়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

ভারতের উচিত বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া। বাংলাদেশ ও বিরাট কোহলির সৌজন্যেই তো দলটি সেমিফাইনাল খেলছে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া নাটকীয় জয় ভারতীয়দের কতটা পাল্টে দিয়েছে সেটা তাদের খেলাতেই পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের আগে দলটির প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাস ঝংকৃত হচ্ছে।
বাংলাদেশ যে ম্যাচটা হারল সেই ম্যাচ ১০ বারের চেষ্টায় নয়বার জিতত কোনো দল। বাংলাদেশের ৩ বলে ২ রান দরকার, মুখ থুবড়ে পড়তেই শুধু বাকি ভারতের—সেই ম্যাচটাই কিনা জিতে গেলে স্বাগতিকেরা। ওই ম্যাচটা হেরে গেলে ভারত হয়তো সুপার টেন থেকেই বিদায় নিত।
হার্দিক পান্ডিয়াকে দিয়ে শেষ ওভার করানোটা পুরোপুরিই জুয়া ছিল। সফল হওয়াটাই আসল, পান্ডিয়াকে দিয়ে শেষ ওভার করানোটা কাজে লেগে যাওয়ায় সমালোচনার হাত থেকে বেঁচে গেছে ধোনি। ২০০৭ সালে যোগিন্দর শর্মার হাতে বল দিয়েও সফল ছিল ধোনি। আমি ওদের ভাগ্যবান বলব কিনা বুঝতে পারছি না, তবে ভারতের অধিনায়কের চিন্তাটাকে সাহসী বলতেই হয়।

যা-ই হোক, বড় একটা ম্যাচের জন্য অপেক্ষা করছে মুম্বাই। আমি ঠিক জানি না উইকেটটা কেমন হবে। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মরা উইকেট পেয়ে অবাক হয়েছিল ভারত। টিম ডিরেক্টর রবি শাস্ত্রী রেগে গিয়েছিল। ওটা ছিল দ্বিপাক্ষিক সিরিজ, এটা আইসিসির টুর্নামেন্ট। উইকেটটা এবার আইসিসির এখতিয়ার। ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবেই পেস ও বাউন্সি উইকেট চাইবে। ভারত চাইবে মন্থর উইকেট। যদিও ওয়েস্ট ইন্ডিজ দলে স্যামুয়েল বদ্রির মতো স্পিনার আছে।

বিরাট কোহলি-ক্রিস গেইল লড়াইটা সামনে চলে আসছে। গেইল বিপজ্জনক ব্যাটসম্যান কিন্তু গত এক-দেড় বছরে বিরাট বেশি ধারাবাহিক। দিনটা যদি গেইলের হয় বসে উপভোগ করাই ভালো, কারণ বোলারদের সুযোগ কোথায়! ওকে প্রথম ৬ ওভারের মধ্যেই ফেরাতে হবে। আশিস নেহরাই সম্ভবত মূল অস্ত্র হবে ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে। ওকে আবার ফিরিয়ে আনায় নির্বাচকদের ধন্যবাদ দিচ্ছি।

শচীন টেন্ডুলকার ব্যাটিংটাকে যে উচ্চতায় নিয়ে গেছে কোহলি তার খুব কাছাকাছি আছে। শচীন যেভাবে চাপ সামলাত, বিরাটও মাঠে ও মাঠের বাইরে সেভাবে চাপ সামলাচ্ছে। ওরা যেভাবে স্নায়ু ঠান্ডা রাখে সেটা আমাকে বিস্মিত করে। (পিচ সলিউশন আর)