বড় লক্ষ্যটাও হেসেখেলে পেরিয়ে গেল ‘বুড়ো’দের চেন্নাই

শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসি লক্ষ্যটা তাড়া করেছেন সহজেই।ছবি: বিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। পর পর তিন ম্যাচ হেরে কড়া সমালোচনা সইতে হচ্ছিল এক ঝাঁক বুড়ো ক্রিকেটারদের দল চেন্নাইকে। কিন্তু অভিজ্ঞতা এমন জিনিস যা সহজলভ্য নয়। চাপের মুখে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতায় এই দলের ক্রিকেটাররাই বাকিদের থেকে এগিয়ে।

আজ যেমন কিংস ইলেভেন পাঞ্জাবকে পেয়ে চেন্নাই দেখিয়ে দিল অভিজ্ঞতার খেল কাকে বলে! আগে ব্যাট করে পাঞ্জাব করেছিল ১৭৮ রান। সেই রান ১০ উইকেট ও ১৪ বল হাতে রেখেই পেরিয়ে গেল চেন্নাই!

পাঞ্জাবের হয়ে রান করে চলেছেন রাহুল (ডানে)।
ছবি: বিসিসিআই

জয়টা চেন্নাইয়ের জন্য কতটা দরকারি ছিল সেটা পাঞ্জাব ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে কাভারে চার মারার পর ওপেনার ফাফ ডু প্লেসির প্রতিক্রিয়া দেখলেই বুঝা যায়। নন স্ট্রাইকে থাকা আরেক ওপেনার শেন ওয়াটসনের বুকে ঘুষি মেরে যেন বলছিলেন, ‘হ্যাঁ, আমরা ঘুরে দাঁড়াতে জানি।’

গত তিন ম্যাচে চেন্নাইয়ের পাওয়ারপ্লের ব্যাটিং ছিল মন্থর। বোলিংও ছিল এলোমেলো। বোঝা যাচ্ছিল, দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা বুড়ো শরীরগুলো এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না, বাকি দলগুলোর তুলনায় কিছুটা সময় বেশিই নেবে চেন্নাই। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রাখাটা ছিল গুরুত্বপূর্ণ। আর ধৈর্য ও আস্থায় চেন্নাই বাকি ফ্রেঞ্চাইজির জন্য উদাহরণ। একের পর এক ব্যর্থতার পরও এই ওয়াটসন, ব্রাভো, ডু প্লেসি, রাইডু, জাদেজাদের সুযোগ দিয়েই যান স্টিভেন ফ্লেমিং ও মহেন্দ্র সিং ধোনি। আর আস্থার প্রতিদানও অধিকাংশ সময় পেয়ে থাকে চেন্নাই। গত দুই আইপিএলে একবার শিরোপা জয় ও আরেকবার রানার্সআপ এভাবেই হয়েছে ধোনির দল।

এবার যেমন টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন ডু প্লেসি। কিন্তু ওয়াটসন প্রতি ম্যাচেই বল নষ্ট করে আউট হচ্ছিলেন। কিন্তু ওয়াটসনকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেয়নি চেন্নাই। আজ আস্থার প্রতিদান দুই হাত ভরে দিলেন ওয়াটসন। ব্যাটিং পাওয়ার প্লের ব্যাটিং ছিল দুশ্চিন্তা। আজ ডু প্লেসি হাত খুলে খেললেন। পরে যোগ দিলেন ওয়াটসনও। পাওয়ার প্লের ৬ ওভারে ৬০ রানই ম্যাচের চেহারা পাল্টে দেয়।

দরকারি রান রেট হাতের নাগালে থাকায় চেন্নাইকে চাপে ফেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। স্পিনারদের পেয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন ওয়াটসন। চেনা ড্রাইভ, পুলগুলো বেরিয়ে আসতে থাকে ধীরে ধীরে। আর অন্য প্রান্তে ডু প্লেসি তো আগে থেকেই ছিলেন ছন্দে। ওয়াটসন অপরাজিত ছিলেন ৫৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে। ম্যাচ সেরা ডু প্লেসিও খেলেছেন ৫৩ বল। ১১টি চার ও ১টি ছক্কায় ৮৭ রান করেছেন এই প্রোটিয়া। এই দুই অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যাটিংয়ের বিপরীতে কোনো জবাব ছিল না পাঞ্জাবের।

ওদিকে কপাল খারাপ রাহুলের দলের। এবারের আইপিএলে পাঞ্জাবের খেলা প্রথম তিন ম্যাচই ছিল পাঞ্জাবের হাতের মুঠোয়। কিন্তু তীরে এসে তরী ডুবেছে বারবার। গত দুই ম্যাচ হেরেছে খারাপ খেলে। দলটির হয়ে রান করছেন শুধুই রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। আজ যেমন রাহুল করলেন ৬৩। শেষে এসে নিকোলাস পুরান যোগ করেন দ্রুত ৩৩ রান। রান পাচ্ছেন না গ্লেন ম্যাক্সওয়েল। বোলারদের মধ্যে শামি ও শেলডন কটরেল নতুন বলে দারুণ। কিন্তু পরে রান খরচা করেন প্রচুর।

সবকিছু মিলিয়ে এবারের আইপিএলে ভালো শুরুর পরও কেমন যেন এলোমেলো পাঞ্জাব। ওদিকে বাজে শুরু করে যেন ছন্দ খুঁজে পাচ্ছেন বুড়োদের চেন্নাই।