বড় লিডের পথে শ্রীলঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমলা লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। ছবি: রয়টার্স
আমলা লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। ছবি: রয়টার্স

ভুল, সবই ভুল—হাশিম আমলা নিশ্চয় আফসোস করছেন! কী ভেবেছিলেন, কী হলো! আমলা বলেছিলেন, ‘এসএসসির উইকেট ব্যাটিং-স্বর্গই মনে হচ্ছে!’ কিন্তু বাস্তবে হলো উল্টো। লঙ্কান স্পিনারদের সামনে প্রোটিয়া ব্যাটসম্যানরা রীতিমতো কাঁপল। তবে এক অর্থে আমলার ধারণা ভুল নয়, সেটি প্রমাণ করেছেন তিনি নিজেই, ১৩৯ রানে অপরাজিত থেকে। তবে ম্যাচ এখন শ্রীলঙ্কার হাতেই। তৃতীয় দিন শেষে লঙ্কানরা এগিয়ে ১৫০ রানে।

আমলা ভুল ভাবলেও অ্যাঞ্জোলা ম্যাথুসের ধারণা ঠিকই ছিল। উইকেট শুষ্ক বলে নেমেছিলেন তিন স্পিনার নিয়ে। স্পিনাররা অধিনায়কের পরিকল্পনা যথাযথভাবেই বাস্তবায়ন করেছেন। দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ দুজনে মিলে তুলে নিয়েছেন ৯ উইকেট। পেরেরার সংগ্রহ ক্যারিয়ার সেরা ৬৯ রানে ৫ উইকেট।

লঙ্কান স্পিনারদের বিষে যেখানে সতীর্থরা নীল, তখন আমলা লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। পেরেরা-হেরাথের প্রতিষেধক যেন আমলার কাছেই ছিল। বল খেললেন ৩৮২টি। কিন্তু সহায়তা পেলেন না সতীর্থদের কাছ থেকে। গত দিনের সঙ্গে অবশিষ্ট ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকা আজ যোগ করল ১৮৪, অলআউট ২৮২ রানে। আমলার ১৩৯ রানের সঙ্গে বাকিরা সবাই মিলে সাকল্যে ১৪৩।

১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১, তারা এখন এগিয়ে ১৫০ রানে। বোঝাই যাচ্ছে, বড় লিডের পথেই ম্যাথুসের দল। লঙ্কানদের মাথায় এখন একটাই চিন্তা—জয়, জয় এবং জয়। সিরিজটা তো বাঁচাতে হবে। টেন ক্রিকেট, ক্রিকইনফো।