প্রথম দিনের সকালটাই যেন ফিরে এল দ্বিতীয় দিনে। প্রথম দিনের মতো কালও লর্ডসে সকালের সেশনে দাপট দেখল কিউই বোলারদের—৩৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড অলআউট ৩৮৯ রানে। পরে মার্টিন গাপটিল ও টম ল্যাথামের ব্যাটে ইংলিশদের ভালোই জবাব দিয়েছে নিউজিল্যান্ড। ৪৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া কিউই উদ্বোধনী জুটি শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে ১৪৮ রান করে। ৩ বলের মধ্যেই এই দুজনকে ইংল্যান্ড বিদায় করে দিতে পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই ২ উইকেট হারিয়েই দিনের খেলা শেষে ৩০৩ রান করেছে নিউজিল্যান্ড। ৯১ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে উইকেটে আছেন রস টেলর ( ৪৭*)। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বড় লর্ডসে বড় একটা স্কোরই গড়তে যাচ্ছে নিউজিল্যান্ড।
দুই বছর পর টেস্ট দলে ফেরা মার্টিন গাপটিল যেন বয়ে এনেছেন বিশ্বকাপের ফর্ম, করেছেন ৭০ রান। সঙ্গী ল্যাথাম আউট হয়েছেন ৫৯ রানে। অবশ্য ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের পঞ্চম শতরানের উদ্বোধনী জুটি গড়তে দুজনই পেয়েছেন ভাগ্যের ছোঁয়া। ব্যক্তিগত ২৫ রানে অভিষিক্ত মার্ক উডের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বেঁচেছেন সেটি নো-বল ছিল বলে। ল্যাথাম বেঁচেছেন ২১ রানে, এবার বেন স্টোকসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ছেড়েছেন ইয়ান বেল।
ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডের ইনিংসও এগিয়েছে দ্রুতলয়ে, ওভারপ্রতি উঠেছে প্রায় ৪ রান। রানের লাগাম টেনে ধরতে ব্যর্থ ইংলিশরা দিনে প্রথম সাফল্য পায় ৩৫তম ওভারে। ৩৩ ওভারে প্রথম বল হাতে পাওয়া মঈন আলী নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ল্যাথামকে। দুই বল পরে গাপটিলকে তুলে নেন স্টুয়ার্ট ব্রড। এবার কাভারে দারুণ এক ক্যাচ নিয়েছেন গ্যারি ব্যালান্স। এর আগে ৪৯ রানে দিন শুরু করা মঈন আলী ফিফটি পেয়ে যান পঞ্চম বলেই টিম সাউদিকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে। বেশিক্ষণ অবশ্য টেকেননি মঈন, ফিরেছেন ৫৮ রানে। মঈনের ৫৮ রানসহ ইংল্যান্ডের ৩৮৯ রানের ইনিংসে ৫ থেকে ৮ নম্বর ব্যাটসম্যানের অবদান ৩১৫ রান। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অভিষিক্ত ম্যাট হেনরি নিয়েছেন ৪টি করে উইকেট। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।