বড় হচ্ছে আফগান স্বপ্নের পরিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে অনুশীলনে চনমনে দুই আফগান—আসগার স্টানিকজাই ও রশিদ খান। কাল মিরপুরে l প্রথম আলো
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে অনুশীলনে চনমনে দুই আফগান—আসগার স্টানিকজাই ও রশিদ খান। কাল মিরপুরে l প্রথম আলো

সিরিজের আগে আফগানিস্তান কি ভেবেছিল শেষ ম্যাচটা রূপ নেবে ফাইনালে? তারা যেটাই ভেবে থাকুক, শুরু থেকেই আফগানদের কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী মনে হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সেই আত্মবিশ্বাসটা চড়ে বসেছে অনেক উঁচুতে। দলের মিডল অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শহীদি তাই বলছেন, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান সিরিজ জিতে ইতিহাস গড়তে চায়।

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে আগেও। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তারা জিতেছে টানা দুটি সিরিজ। বাংলাদেশের বিপক্ষেও তাঁদের রেকর্ডটা উজ্জ্বল। এখন পর্যন্ত দুই দলের সাক্ষাতে ২-২ সমতা থাকলেও একটি জায়গায় আফগানরাই এগিয়ে থাকছে। আফগানিস্তানের বিপক্ষে চারটি ওয়ানডেতেই অলআউট হয়েছে বাংলাদেশ। কিন্তু আফগানদের দুবার অলআউট করতে পারেনি বাংলাদেশ। সেই দুটিতেই হেরেছেন মাশরাফি-মুশফিকরা।

পেছনের রেকর্ড-পরিসংখ্যান অবশ্যই উজ্জীবিত করে। কাল সংবাদ সম্মেলনে আসা হাসমতউল্লাহকে সিরিজ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী লাগল, ‘আমরা এখানে এসেছি ইতিবাচক ক্রিকেট খেলতে। শেষ দুটি ম্যাচে আমরা কিছু ভুল করেছি। প্রথম ম্যাচটা আমাদের জেতাই উচিত ছিল। শেষের দিকে তাদের বোলাররা অসাধারণ করেছে। হ্যাঁ, এবারও আমাদের জেতার সুযোগ আছে। গত ম্যাচগুলোয় আমরা যে ভুল করেছি চেষ্টা করব সেগুলো শুধরে নিতে।’

সিরিজের প্রথম দুই ম্যাচে স্পিনাররা যেমন সাফল্য পেয়েছেন, তাতে দলীয় লড়াইয়ের আড়ালে চলছে স্পিনারদেরও দ্বৈরথ। শেষ ম্যাচে তাই হঠাৎ বাংলাদেশ দলে যোগ হয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। এমনিতে সাকিব আল হাসানের বলে বেশ ভুগতে হচ্ছে আফগান ব্যাটসম্যানদের। প্রতিপক্ষ শিবিরে আরেকজন বাঁহাতি স্পিনারের অন্তর্ভুক্তি কতটা ভাবাচ্ছে আফগানিস্তানকে? তবে হাসমতউল্লাহ যা বললেন, তাতে দলটি মনে হয় ওটা নিয়ে ভাবছেই না, ‘কোচ আমাদের যা বলছেন আমরা শুধু তাতেই মনোযোগ দিচ্ছি। ওদের দলে কে এল না এল, তা নিয়ে মোটেও চিন্তিত নই।’ ২১ বছর বয়সী আফগান ব্যাটসম্যান নিজেদের স্পিন শক্তি নিয়েই মুগ্ধ, ‘মোহাম্মদ নবীর মতো ভালো স্পিনার আমাদের দলে আছে। গত ম্যাচে সে দুর্দান্ত বোলিং করেছে। রশিদ খানও অসাধারণ স্পিনার। শেষ ম্যাচেও (আজ) আমাদের স্পিনাররা ভালো করবে, ইনশা আল্লাহ।’

বাংলাদেশকে ওয়ানডেতে দুবার হারানো, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ জয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়—২০০৯ সালে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর গত ছয় বছরে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ক্রমোন্নতির ছাপ স্পষ্ট। ধীরে ধীরে বড় হচ্ছে তাদের স্বপ্নের পরিধি। সেই স্বপ্নের কথাই কাল বললেন হাসমতউল্লাহ, ‘টেস্ট মর্যাদা পেতে আমরা সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছি। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালজয়ী দল ভবিষ্যতে টেস্ট মর্যাদা পাবে জেনেই আমরা ভালো খেলার চেষ্টা করছি। জিম্বাবুয়েকে দুবার হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। বাংলাদেশের বিপক্ষেও দারুণ করছি। আশা করি, আমাদের বোর্ড বড় দলের সঙ্গে আরও বেশি ম্যাচ আয়োজন করবে। আমরা চেষ্টা করব সেই ম্যাচগুলোয় জিততে।’