বড়াই হলো, বড় কি হলো আফগানিস্তান?

মেঘের কোলে রান হেসেছে বাদল গেছে টুটি! এবারের বিশ্বকাপের থিম হতে চলেছে এটাই। আজ আফগানিস্তান ম্যাচেও একই প্রতিচ্ছবি। মেঘে-মেঘে যে আফগানিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ৭৭, রোদ উঠতেই তারাই গেল বদলে। শেষ ৫ উইকেটে আরও ১৩০ রান যোগ করে অস্ট্রেলিয়াকে দিল ২০৮ রানের লক্ষ্য।
আফগানিস্তানের ক্রিকেটের রূপকথার উত্থান নিয়ে সবাই তাদের পিঠ চাপড়েই দেয়। রশীদ খানের মতো বিশ্বমানের স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ তো কোহলি-গাপটিলরাও। মাঝে মধ্যেই যে তারা বড় দলগুলোরও কলজে ধরে টান মারে—এও তো আফগান-সাহসেরই আরেক নাম। এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপটা আফগানদের শরীরী ভাষায় আত্মবিশ্বাস যেন হিরের মধ্যে ঠিকরে পড়া আলো। আবার এও সত্যি, আফগানরা বড়াই করতে গিয়ে মাঝে মধ্যেই একটু বাড়াবাড়িও করে ফেলে। আজ যেমন গুলবদন নাইবকে নিজের কথার জোর প্রমাণ করতে হবে।
এই ম্যাচের আগে আফগান অধিনায়ক নাইব বেশ প্রত্যয়ের সুরে বলেছিলেন, এবার গত বিশ্বকাপের মতো কিছু হবে না। কী হয়েছিল গত বিশ্বকাপে? আফগানদের রানের রোলারে পিষ্ট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৭ রান। ম্যাচটাও জিতেছিল ২৭৫ রানে। দুটিই বিশ্বকাপে রেকর্ড, সর্বোচ্চ ইনিংস আর সর্বোচ্চ জয়ের। কিন্তু গত চার বছরে আফগানিস্তান কত বদলে গেছে, দলে কত বিশ্বমানের খেলোয়াড় এসেছে—তারই ফিরিস্তি দিয়েছিলেন অধিনায়ক।
এমন প্রচ্ছন্ন হুমকিও ছিল, প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে অস্ট্রেলিয়া কেন নয়! আফগানিস্তান গত ক্রিকেট বিশ্বকাপে ১৪২ রানে অলআউট হয়েছিল। আজ ৬৫ রান বেশি হলো। উন্নতি তো বটেই। রশীদ-মুজিবের মতো স্পিনাররা এই পুঁজিতেও অস্ট্রেলিয়াকে যথেষ্ট ভোগাতে পারে বৈকি।
উন্নতি তো বটেই। রশীদ-মুজিবের মতো স্পিনাররা এই পুঁজিতেও অস্ট্রেলিয়াকে যথেষ্ট ভোগাতে পারে বৈকি। কিন্তু এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য জাদুই দরকার হবে। আফগানিস্তান পারবে, নাকি আরেকটি আগাম শেষ হওয়া ম্যাচ অপেক্ষা করছে—এখন তার অপেক্ষা।
অবশ্য আফগানরা যে এত দূর গেল, সেটাকেই এখন মনে হচ্ছে বিস্ময়। ২০ ওভার পেরোতে না পেরোতেই দলের প্রথম ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরে আসার পর আরও ২০ ওভারের মতো তারা খেলে এল, সেটাই তো অনেক! ৮ বলের মধ্যে দুই ওপেনার নামের পাশে দুটি ডিম্ব নিয়ে ফিরে এল। রহমত শাহর ধৈর্যশীল ইনিংসের (৬০ বলে ৪৩) পরও আফগানরা এক শর নিচেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল। কিন্তু সেই শঙ্কার মেঘ কেটে গেল—আক্ষরিক অর্থেই।
ব্রিস্টলে রোদ উঠতেই খেলার ধাঁচ বদলে গেল। অস্ট্রেলীয় পেসাররা আর আগের মতো সুইং পেলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে নাইব ও নাজিবুল্লাহ তরতর করে ৮৫ রানের জুটি গড়েও ফেললেন। ৫ উইকেটে ১৬০, স্কোরটা দেখাচ্ছিল দারুণ। ১৭ ওভার খেলাও বাকি। কিন্তু ৩৪তম ওভারে শেষে ঝড় তোলার সব পরিকল্পনা ভন্ডুল! স্টয়নিসের একই ওভারে নাইব-নাজিবুল্লাহ দুজনই ফিরে এলে আফগানরা আবার তথৈবচ। জোড়া ধাক্কা সামলাতে না সামলাতেই পরের ওভারে দৌলত জাদরানও ফিরে এলেন।
৭৭ রানে ৫ উইকেট হারানোর ক্ষতিটা যেভাবে সামলে ওঠা গিয়েছিল, ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে তা সুদাসলে গেল। ১৬৬/৮, এ-ই যখন স্কোর, রশীদের পাল্টা আক্রমণ আর মুজিবের এলোপাতাড়ি ব্যাট দ্রুত কিছু রান এনে দিল। জামপার তৃতীয় শিকার হওয়ার আগে ১১ বলে ২৭ আর নবম উইকেটে ঝড়ের বেগে ৩৯ রান যোগ করালেন রশীদ। পরের ওভারেই মুজিব কামিন্সের তৃতীয় শিকার হয়ে ফিরলে সেখানেই থামতে হলো আফগানদের।