বড়ে মিয়াঁর বাংলাদেশ-স্তুতি
সুনীল গাভাস্কারের পর জাভেদ মিয়াঁদাদ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ আরেক কিংবদন্তি। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হয়ে উঠেছে বলেই মনে করেন ‘বড়ে মিয়াঁ’। একই সঙ্গে বাংলাদেশের এই উত্থানের প্রসঙ্গ টেনে সতর্ক করে দিয়েছেন তাঁর নিজের দেশ পাকিস্তানকেও।
টানা তিনটি সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ওয়ানডে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করেন মিয়াঁদাদ। এই প্রতিযোগিতায় টিকে থাকাটা যে সহজ হবে না, পাকিস্তানকে সেটাও মনে করিয়ে দিলেন কিংবদন্তি ব্যাটসম্যান, ‘শীর্ষ পর্যায়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো দলগুলো অভাবনীয় উন্নতি করছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দলগুলোর বিপক্ষে প্রতিযোগিতার জন্য আমাদের আরও উন্নতি করতে হবে।’
মাশরাফি-সৌম্যদের প্রশংসার পাশাপাশি মিয়াঁদাদ সতর্ক করলেন তাঁর নিজের দেশকেও, ‘পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে হারিয়ে বাংলাদেশ তাদের উত্থানের প্রমাণ দিয়েছে। এই দৌড়ে টিকতে হলে আমাদের ধারাবাহিক হওয়ার পাশাপাশি প্রাথমিক কাজগুলোও ঠিকঠাক করতে হবে, যা আমরা অনেক দিন ধরেই করছি না।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে পাকিস্তান। এতে খুশি হলেও মিয়াঁদাদ চান র্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠে আসুক আজহার–হাফিজদের দল। এএফপি।