বয়স চুরি করা ভারতীয় ক্রিকেটার এবার নিষিদ্ধ ঘরোয়া ক্রিকেট থেকেও

>কিছুদিন আগেই বয়স ভিত্তিক ক্রিকেট থেকে বয়স চুরির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন মনজোত কালরা। এবার রঞ্জি ট্রফিতে খেলার অধিকারও হারালেন এক মৌসুমের জন্য
দুদিন আগেই বয়স চুরির অভিযোগে বয়সভিত্তিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ভারতের এই উদীয়মান ব্যাটসম্যান মনজোত কালরা। এবার তিনি নিষিদ্ধ হলেন ঘরোয়া ক্রিকেট থেকেও। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো এই ব্যাটসম্যান এবার একই অভিযোগে রঞ্জি ট্রফি থেকে নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য।
ভারতের বয়সভিত্তিক দলের কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজর এড়িয়েই তিনি দলে ঢুকেছিলেন। খাতা-কলমে বয়স কমিয়ে তিনি অনূর্ধ্ব-১৬ ও ১৯ দুই দলেই খেলেছেন। ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ভারতও জিতেছিল শিরোপা। কিন্তু এই ব্যাটসম্যানের বয়স ফাঁকি দেওয়ার ব্যাপারটি প্রমাণিত হওয়ায় তাঁকে প্রথমে বয়সভিত্তিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এবার সুযোগ হারালেন ঘরোয়া ক্রিকেটেও।
গত সপ্তাহেই দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলার বিপক্ষে খেলতে নেমেছিলেন কালরা, খেলেছিলেন ৮০ রানের একটি ইনিংস। দিল্লির নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ব্যস্ত হয়ে পড়ার পর কালরার সামনেই সুযোগ ছিল।
দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে কালরাকে বাঁচানোর জন্য তাঁদের কিছুই করার নেই।