বয়সভিত্তিক ক্রিকেটেও সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাজে পারফরম্যান্স ভাবাচ্ছে বিসিবিকে। ছবি: প্রথম আলো
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাজে পারফরম্যান্স ভাবাচ্ছে বিসিবিকে। ছবি: প্রথম আলো

আফগানিস্তানের বিপক্ষে গত সপ্তাহে ৩-১ ব্যবধানে যুব ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যে দল সরবরাহ করবে ভবিষ্যতের সাকিব-তামিম-মুশফিকদের, সেই দলের এমন বিপর্যয় দেশের ক্রিকেটের জন্য অবশ্যই একটা সতর্কবার্তা। গত যুব বিশ্বকাপে বাংলাদেশ যেখানে সর্বোচ্চ সাফল্য (তৃতীয় হওয়া) পেয়েছে, এবার নিউজিল্যান্ডে তারা কতটা এগোতে পারবে, সেটি নিয়ে জেগেছে সংশয়। তবে ইতিবাচক খবর, আফগান-ধাক্কার পর নড়েচড়ে বসছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ময়নাতদন্তে বড় দাগে চিহ্নিত হয়েছে দুটি বিষয়—অনভিজ্ঞতা ও বাজে ব্যাটিং। বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যাত্রা শুরু গত বছরের মে মাস থেকে। বেশ আগেভাগেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও প্রত্যাশা অনুযায়ী ম্যাচ খেলতে পারেনি দলটি। গত দেড় বছরে বাংলাদেশের যুবারা খেলেছেন মাত্র সাতটি ওয়ানডে। এর মধ্যে পাঁচটি সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে। এই সময়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল খেলেছে সর্বোচ্চ ২৪টি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা ১৮টি। আগামী যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড খেলেছে ১৩টি ম্যাচ।
সূচি অনুযায়ী আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে বাংলাদেশ যুবাদের কোনো ম্যাচ নেই। তবে নেপাল বিসিবিকে প্রস্তাব দিয়েছে এশিয়া কাপের আগে তিন ম্যাচের একটা সিরিজ খেলতে। সংক্ষিপ্ত এই সময়ে শক্তিশালী কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজন যেহেতু সম্ভব নয়, নেপালকে আতিথেয়তা দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিবি। এশিয়া কাপের আগে অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে হংকংয়ে একটি সিক্স-এ সাইড টুর্নামেন্টে দল পাঠানোরও চিন্তা আছে তাদের।
নেপাল, হংকং কিংবা এশিয়া কাপ দিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়তো বাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কিন্তু তাতেও কি সংশয় কাটছে? বাংলাদেশ যুবদলকে যেহেতু বিশ্বকাপ খেলতে হবে নিউজিল্যান্ডে, অপরিচিত কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ কতটা পাবেন সাইফ হাসানের দল? বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক বললেন, ‘গত ডিসেম্বরে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে গেলে তখন কথা উঠেছিল, বাংলাদেশ “এ” দল হয়তো সেখানে সফর করবে। আমাদের পরিকল্পনা ছিল, “এ” দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের চার-পাঁচজন খেলোয়াড় দিয়ে দেব। সফরটা আর হয়নি। আমরা সেখানে যাব আগামী ২৫ ডিসেম্বর। ওখানে নিজেদের খরচে স্থানীয় দলের সঙ্গে তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলব। আর দুইটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তো আছেই। বিশ্বকাপের আগে এই ১০-১২ দিনে পাঁচ-ছয়টা ম্যাচ কাজে দেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।’
আফগানিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের পর বিসিবি চেষ্টা করছে সংক্ষিপ্ত সময়ের জন্য একজন ব্যাটিং পরামর্শক আনতে। এ ব্যাপারে মিঠুন মানহাসের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের। এ মাসের শেষ দিকে যোগ দিতে পারেন এই ভারতীয় ব্যাটিং কোচ। আফগান-ধাক্কা পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে আগামী ১৬ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।