এই না হলে সমর্থক! বিশ্বকাপে প্রিয় দলের সাফল্য চেয়ে কত জন কত কিছু করছেন। চেন্নাইয়ের অটোরিকশাচালক মুরুগেশের কথাই ধরুন। প্রিয় দল ভারতের প্রতি ভালোবাসা থেকে তিনি নিয়েছেন অভিনব এক উদ্যোগ। ভারত বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারলে যাত্রীদের দুদিন বিনা পয়সায় অটো চড়ানোর ঘোষণা দিয়েছেন মুরুগেশ। দিনে এক হাজার রুপির মতো আয় হয় তাঁর। সব খরচ বাদ দিয়ে সাত শ রুপির মতো হাতে থাকে। সেই হিসাবে দুদিনে প্রায় দেড় হাজার রুপি লোকসান হবে। কিন্তু মুরুগেশ প্রিয় দলের জন্য এই ক্ষতিটুকু হাসিমুখে মেনে নিতে রাজি। ২০১১ বিশ্বকাপেও ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর যাত্রীদের বিনা পয়সায় অটোতে চড়িয়েছেন মুরুগেশ। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর কথা জানতে পেরে এক লাখ রুপি সাহায্য করেছিল। সেই টাকায় নিজে অটো কিনে আবারও বিনা পয়সায় যাত্রী বহন করার ঘোষণা দিয়েছেন! ক্রিকেটনেক্সট।