টুইটারে অনুসারীদের কয়েক দিন আগে একটা সুযোগ দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ভক্তরা প্রশ্ন করবেন, উত্তর দেবেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। অনেক বিষয়েই প্রশ্ন করছিলেন ভক্তরা, তবে মজার ব্যাপার ঘটল ‘ভক্ত’দের কাতারে মাইকেল ভনও যোগ দেওয়ায়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক টেন্ডুলকারকে প্রশ্ন করলেন, ‘শচীন, আমি তোমাকে যে বলটি করেছিলাম, সেটিই কি তোমার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সেরা?’ ইঙ্গিত ২০০২ সালের ট্রেন্ট ব্রিজ টেস্টে, দ্বিতীয় ইনিংসে ভনের অফ স্পিনে ৯২ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন টেন্ডুলকার। তবে স্মৃতিটা এত দিন পর হাসিই ফুটিয়ে তুলল টেন্ডুলকারের মুখে। উত্তরটাও দিলেন কৌতুক করে, ‘আসলে কি জানো, ভয়ংকরতম দুঃস্বপ্নেও ভাবিনি তোমার করা বল আমি মিস করব! জানি না কীভাবে এমনটা হয়ে গিয়েছিল, বন্ধু! নিশ্চয়ই পিচের অফ স্টাম্পের বাইরের দিকটা অমসৃণ ছিল। এ কারণেই বলটা একটু স্পিন করে গিয়েছিল। যা-ই হোক, বলটি ভালোই করেছিলে।’ টুইটার।