ভনের মন্তব্যে বিস্মিত রুট

কথাটা মাইকেল ভন বলেছিলেন ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার পর। সাবেক ইংল্যান্ড অধিনায়ক দুঃখ করে বলেছিলেন, ইংলিশ ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটকে যথেষ্ট ‘সম্মান’ দেখাচ্ছেন না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং হলো আরও বাজে। কিন্তু তবু ভনের কথাটা যৌক্তিক মনে হচ্ছে না ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কাছে। বরং ভন যে এমন একটা কথা বলেছেন, তাতেই বিস্মিত রুট। ভন অবশ্য নিজের মন্তব্য থেকে সরে আসেননি।
ট্রেন্ট ব্রিজে দুই ইনিংসেই ভীষণ বাজে ব্যাট করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে তো ১৩৩ রানেই অলআউট। দুই ইনিংসেই অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে শেষ পর্যন্ত টেস্ট হারতে হয়েছে ৩৪০ রানে। ইংলিশ ব্যাটসম্যানদের এই মানসিকতাটাই পছন্দ হয়নি ভনের। প্রথম ইনিংসের পর বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে ভন তাই বলেছিলেন, ‘ইংল্যান্ডের ব্যাটিং ছিল খুবই মর্মান্তিক। হয়তো তারা টেস্ট ক্রিকেটকে যথেষ্ট সম্মান দেখাচ্ছে না। মনে হচ্ছিল, ওরা টি-টোয়েন্টি খেলছে।’
অন্য কেউ বললে হয়তো এতটা লাগত না রুটের। কিন্তু ভন শুধু এই ইংল্যান্ড দলকেই কাছে থেকে দেখেননি, রুটকেও দেখেছেন ছোটবেলা থেকে। রুটের বাবা ম্যাট আর ভন একসঙ্গে খেলেছেন ইয়র্কশায়ারের কলেজিয়েট ক্লাবের হয়ে। অনেক আগে থেকেই রুটদের পরিবারের ঘনিষ্ঠজন ভন। সেই ভনই কিনা রুটের দলের ব্যাটিং নিয়ে এত বড় ‘অভিযোগ’ তুললেন! যা শুনে মর্মাহত রুট পরশু দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমার মনে হয়, এটা খুবই অন্যায্য একটা কথা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তিনি এমন একটা কথা বলেছেন। টেস্টে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক ক্রিকেটের মাঝে সমন্বয় রাখতে হয়, সেটা আমরাও জানি। আমরা নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা করেছি ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নেওয়ার।’
কথাটা বলে ভন অবশ্য ভালোই আক্রমণের মুখে পড়েছেন। অনেকেই টুইটারে ধুয়ে দিচ্ছেন ভনকে, করছেন ব্যক্তিগত আক্রমণও। তবে ভন নিজের ধারণায় অটল। উল্টো কাল টুইট করেছেন, ‘ঘৃণাকারীদের বলছি, আমার পুরো অধিকার আছে নিজের মতটা প্রকাশ করার। আর আমি আবারও বলছি, টেস্ট ক্রিকেটকে যতটা সম্মান দেখানো উচিত ছিল, এই সপ্তাহে ইংল্যান্ড সেটা দেখাতে পারেনি।’
যে কৌশল নিয়েছিলেন, সেটা যে ভুল প্রমাণিত হয়েছে, তা অবশ্য মানছেন রুটও। সিরিজের বাকি দুই টেস্টে এই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানালেন, ‘টেস্ট ক্রিকেটে এটা হতেই পারে। এতে লজ্জার কিছু নেই। এই ভুল থেকে যেন আমরা দ্রুত শিক্ষা নিতে পারি, সেটা নিশ্চিত করতে হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, ওভালে যদি এ রকম পরিস্থিতি আবার আসে, আমরা একটু অন্যভাবে খেলব।’ এএফপি।