ভবিষ্যতেও একই কাজ করবে অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস সাদারল্যান্ড
জেমস সাদারল্যান্ড

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত মাসে দুই টেস্টের যে সিরিজটি হওয়ার কথা ছিল সেটি তাই স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। বাংলাদেশের পক্ষ থেকে বড় নিরাপত্তাঝুঁকি নেই বলা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড কিন্তু বলছেন, তাঁরা ভেতরের সব রকম খবর নিয়ে তবেই সিদ্ধান্তটা নিয়েছিলেন।
স্থগিত সফর নিয়ে কথা বলতে গিয়ে এবিসি রেডিওকে কাল সাদারল্যান্ড বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের (সফর স্থগিত করা ছাড়া) আর কোনো সুযোগ ছিল না। আসলেই কোনো সুযোগ ছিল না।’
অস্ট্রেলিয়ার সম্ভাব্য সফরের আগে তাদের নিরাপত্তা প্রতিনিধিদল বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে। কিন্তু ওই সময়েই ঢাকায় ইতালীয় এক নাগরিকের হত্যাকাণ্ডে সফর নিয়ে শঙ্কা আরও বাড়ে। পরে তো সফর স্থগিতই করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তাঝুঁকিটা অমূলক ছিল না বলে দাবি সাদারল্যান্ডের, ‘আমরা ওই সময় আমাদের সরকারি পর্যায় থেকে শুরু করে সম্ভাব্য সব রকম সূত্র থেকে তথ্য ও পরামর্শ নিয়েছি।’ ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের সুযোগ এলেও একই প্রক্রিয়া অনুসরণ করবেন বলে জানিয়ে রাখছেন সাদারল্যান্ড।
তবে ক্রিকেট দল না এলেও অস্ট্রেলিয়ার ফুটবল দল কিন্তু ঠিকই আসছে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে। তবে ফুটবল দলের সফরটা ক্রিকেট সিরিজ থেকে অনেক দিক থেকেই আলাদা মনে করেন সাদারল্যান্ড, ‘আমি জানি না ওরা কত দিন ঢাকায় থাকবে। তবে তিন সপ্তাহের ক্রিকেট সফর একটা আলাদা ব্যাপার। খেলার মাঝে আমাদের অনুশীলনে যাওয়া-আসার ব্যাপার থাকে। আর ফুটবলে তো আপনি গেলেন, খেললেন, চলে এলেন।’ রয়টার্স।