ভবিষ্যতেও দলবদলের এই নীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে বিতর্কিত ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতি থেকে যেতে পারে ভবিষ্যতেও। ক্লাবগুলোর শক্তিতে ভারসাম্য আনা, লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং ক্লাবের কাছ থেকে খেলোয়াড়দের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতেই নাকি এই চিন্তা!
বিসিবির সিসিডিএম-প্রধান গোলাম মোর্তজা কাল দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এখন থেকে খেলোয়াড়দের দলবদলের জন্য প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিই রেখে দেওয়ার চেষ্টা করব। তবে ক্লাবগুলো আপত্তি করলে অন্য কিছু ভাবা হবে।’ সন্ধ্যায় মুঠোফোনে এ বিষয়ে আবারও জানতে চাইলে যোগ করেছেন, ‘এবার যদি ভালো ফল পাই তাহলে ভবিষ্যতেও এই পদ্ধতি রেখে দেওয়া হবে।’ খেলোয়াড়দের মতামত নিয়ে চিন্তা করা হচ্ছে কি না, জানতে চাইলে সিসিডিএম-প্রধানের বক্তব্য, ‘ভবিষ্যতে প্লেয়ার্স বাই চয়েস থাকলে সেটা নিশ্চয়ই খেলোয়াড়দের মতামত নিয়েই করা হবে।’
প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের দল পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেওয়া ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে প্রথম দলবদল হয় ২০১২-১৩ মৌসুমে। বোর্ড সভাপতি নাজমুল হাসান এবং ওই সময়ের সিসিডিএম-প্রধান জালাল ইউনুসকে তখন বারবারই বলতে শোনা গেছে, ‘এই পদ্ধতিতে শুধু এবারই দলবদল হবে। আগামীবার থেকে দলবদল হবে আগের পদ্ধতিতেই।’ পরের মৌসুমে লিগ হয়নি। সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে পুরোনো পদ্ধতিতে দলবদল হলেও চলতি ২০১৫-১৬ মৌসুমে আবারও ফিরে এসেছে ‘প্লেয়ার্স বাই চয়েস’ এবং সেটা খেলোয়াড়দের মতামত উপেক্ষা করেই।
জানা গেছে, ক্লাবগুলোর অর্থসংকটের কারণে জাতীয় দলের কয়েকজন প্রতিনিধির কাছে এবারের দলবদল ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। তাতে সম্মতি না জানিয়ে পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রয়োজনে শীর্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বা মূল্যসীমা বেঁধে দিয়ে হলেও যেন প্রথাগত নিয়মেই দলবদল হয়। তাতে পেছনের সারির ক্রিকেটারদেরও অন্তত ৫-৭ লাখ টাকা পাওয়ার নিশ্চয়তা থাকে। বিসিবি শেষ পর্যন্ত সে প্রস্তাব না রাখায় ভেতরে ভেতরে ক্রিকেটাররা ক্ষুব্ধ। ভবিষ্যতেও ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতেই দলবদল চলতে পারে শুনে কাল সেই ক্ষোভ প্রকাশই করলেন জাতীয় দলের এক ক্রিকেটার, ‘কারও যদি খেলোয়াড়দের টাকা দেওয়ার মুরোদ না থাকে, তাহলে তাঁর ক্লাব করার দরকার কী? অন্য কিছু করুক। ক্লাবগুলো এভাবে আর কত সুযোগ নেবে!’
বিসিবিতে খেলোয়াড়দের এসব রাগ-অভিমান দেখার কেউ আছে বলে দৃশ্যত মনে হয় না। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কাল প্রশ্ন তুললেন বোর্ড পরিচালক হিসেবে থাকা জাতীয় দলের তিন সাবেক অধিনায়কের ভূমিকা নিয়েও, ‘জাতীয় দলের যে সাবেক তিন অধিনায়ক বোর্ড পরিচালক হিসেবে আছেন, খেলোয়াড়দের পক্ষে তাঁদেরও কোনো ভূমিকা রাখতে আমরা দেখছি না।’ ক্লাব তোষণের ‘প্লেয়ার্স বাই চয়েস’ তাই স্থায়ীভাবেই থেকে যাওয়ার সম্ভাবনা প্রিমিয়ার লিগে।
সিসিডিএম এই পদ্ধতিতে খেলোয়াড়দের অর্থপ্রাপ্তির নিশ্চয়তা বাড়বে বলে দাবি করলেও দেবব্রত মনে করছেন উল্টোটাই, ‘খেলোয়াড়দের টাকা পাওয়ার নিশ্চয়তা বরং এতে কমে যাচ্ছে। গত প্লেয়ার্স বাই চয়েসের প্রতিশ্রুত পুরো টাকা এখনো অনেকে পায়নি। এবার তারা আরও বেশি অরক্ষিত।’
প্রথাগত দলবদলে ক্লাবের সঙ্গে আলোচনার ভিত্তিতে বেশির ভাগ টাকাই লিগের আগে পেয়ে যেতেন খেলোয়াড়েরা। কিন্তু বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এবার চুক্তি স্বাক্ষরের আগে ক্লাবগুলোকে খেলোয়াড়দের দিতে হবে মাত্র ৩০ শতাংশ টাকা। লিগের প্রথম পর্ব শেষে দিতে হবে ৪০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ টুর্নামেন্ট শেষে। দেবব্রত পালের শঙ্কা, ‘বিসিবি ক্লাবগুলোকে ৫০ শতাংশ ব্যাংক গ্যারান্টি দিতে বলেছে। বাকি ৫০ শতাংশ টাকার দায়িত্ব কে নেবে? শেষের ৩০ শতাংশ তো অধিকাংশ খেলোয়াড়ই পাবে না।’