ভবিষ্যতের প্রেরণা এই সিরিজ

টেস্টটা যে অবস্থায় এসে দাঁড়ায়, বাকি দুদিন টিকে থাকা আমাদের ব্যাটসম্যানদের জন্য আসলেই খুব কঠিন ছিল। তবে শেষটা একটু দ্রুতই হয়ে গেছে। আমি বলব, এতেও এত হতাশ হওয়ার কিছু নেই।
সিরিজ শুরুর আগেই বলেছিলাম, পাকিস্তানের সঙ্গে দুটি টেস্টে ড্র করাই হবে বাংলাদেশের জন্য অনেক ভালো ফল। মনে রাখা প্রয়োজন, পাকিস্তান এখন টেস্ট র্যা ঙ্কিংয়ের তিন নম্বর দল। ওয়ানডে ও টি-টোয়েন্টির হিসাব আলাদা। কিন্তু টেস্ট র্যা ঙ্কিংয়ে তিনে ওঠা মোটেই সহজ ব্যাপার নয়। সেই দলের বিপক্ষে একটি টেস্ট আমরা দারুণভাবে ড্র করেছি। একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, এই টেস্ট সিরিজের আগে সর্বশেষ পাঁচ-ছয় মাস লাল বলে খেলিনি আমরা। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় সেই সুযোগ পায়নি। এসব বিবেচনায় নিলে টেস্ট সিরিজ থেকে আমাদের প্রাপ্তিও কম নয়।
আলাদা করে বললে, তামিমের রানে ফেরাটা আমাদের জন্য বিশাল ব্যাপার। আমার মনে কখনোই ওঁকে নিয়ে সন্দেহ ছিল না। কিন্তু মাঝে কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় ওঁকে যে ধরনের কথা শুনতে হয়েছে, সেটা আসলে খুবই দুঃখজনক। তামিমকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। চাপ সরিয়ে এই সিরিজে সে যেভাবে জ্বলে উঠেছে, আমার দেখা সেরা ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সের একটি। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে ওঁর অনেক বড় অবদান। তারপর ইমরুলের কথা বলব। বিশ্বকাপে রান পায়নি বলে সে-ও অনেক চাপে ছিল। খুলনা টেস্টের দুই ইনিংসেই ইমরুল দারুণ খেলেছে।
তামিমের পাশাপাশি ওয়ানডে সিরিজে মুশফিক, সৌম্যও নিজেদের তুলে ধরেছে। আমরা ওয়ানডে র্যা ঙ্কিংয়ে এগিয়েছি। এসব পারফরম্যান্স সামনের সিরিজগুলোয় আমাদের অনুপ্রেরণা দেবে।
মাস খানেক পরই ভারত সিরিজ। আমি বলব, পাকিস্তানের চেয়ে ভারত অনেক কঠিন প্রতিপক্ষ। ওদের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা। হয়তো সেরাই। আইপিএলে দেখছি, ভারতীয় স্পিনাররা খুব ভালো ফর্মে আছে। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবসহ পেসাররাও ভালো বল করছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জটা তাই আরও অনেক বড়ই হবে। এই সিরিজে আমরা যেসব ভুল করেছি, এক মাসের মধ্যেই হয়তো সব শুধরে ফেলা যাবে না। কিন্তু যতটুকু কমিয়ে আনতে পারি, ভারতের বিপক্ষে ফলও ততই ভালো হবে।