ভয় পেয়েছিলেন ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রতিবেদন পড়ার সময় এমনটা হতেই পারে, ব্রেন্ডন ম্যাককালামের আরেকটি বিস্ফোরক ইনিংস খেলে ফেলেছেন। তবে আট দিন আগে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। আজ আফগানিস্তানের সঙ্গে দূরে থাক, বিশ্বকাপেই আর মাঠে নামতে পারবেন কি না সেটি নিয়েই যে জেগেছিল সংশয়!
অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচেই ঘটে ঘটনাটা। মিচেল জনসনের ১৪৭ কিলোমিটার গতির একটা বাউন্সার সজোরে এসে লাগে ম্যাককালামের বাহুতে। ব্যথায় কুঁকড়ে যান কিউই অধিনায়ক। পরে ক্যামেরায় দেখা যায়, ফুলে ‘ঢোল’ হয়ে গেছে হাতের একটা অংশ। ওই অবস্থাতেই অবশ্য খেলা চালিয়ে যান ম্যাককালাম, ২৪ বলে ৫০ করেন, সবচেয়ে বেশি কাঁদিয়েছেন জনসনকেই। তবে এত দিন পর স্বীকার করেছেন, ওই সময় বেশ ভয় পেয়েছিলেন, ‘প্রথম কয়েক সেকেন্ডে আমি ঠিক বুঝে উঠতে পারিনি কী হয়েছে। তবে মনে হচ্ছিল চোটটা বেশ ভোগাবে। কখনো কখনো বল থেকে চোখ সরিয়ে ফেললে আপনি খুব সহজেই আহত হতে পারেন। আমি খুবই খুশি আমি এটা কাটিয়ে উঠতে পেরেছি, এখনো টুর্নামেন্টে খেলতে পারছি।’
ওই ম্যাচের বাকি সময়টা আর্মগার্ড পরে খেলেছিলেন ম্যাককালাম। পরে ড্রেসিংরুমে গিয়ে বরফ চিকিৎসা নিয়েছেন, শেষ পর্যন্ত এক্স-রে করতে হয়নি। তবে খারাপ কিছু ঘটে গেলেও ম্যাককালাম দলের বাকিদের ওপর আস্থাই রাখতেন, ‘খুব খারাপ কিছু যদি হতো, তার পরও পুরো দলের ওপর আমি আস্থা রাখতাম। আমাদের খেলায় খুব বেশি পরিবর্তনও আসত না।’
ম্যাককালাম সতীর্থদের পক্ষে বড় গলায় কথা বলতেই পারেন, তবে নিউজিল্যান্ড ব্যাটিং তাঁকে হারালে যে অনেকটাই খর্বশক্তির হয়ে পড়বে তা নিয়ে কোনো সংশয় নেই। সিডনি মর্নিং হেরাল্ড।