ভরসা দিচ্ছেন উইলিয়ামসন
উইকেটটাই ঝামেলাটা বাধাচ্ছে। না হলে দ্বিতীয় দিন শেষে ডানেডিন টেস্টে বিনা দ্বিধায় এগিয়ে রাখা যেত নিউজিল্যান্ডকে। ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৩১ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল।
৩ উইকেট বলা হলেও, রস টেলরকে বোধ হয় আর গোনায় ধরা যাচ্ছে না। চোট পেয়ে মাঠ ছেড়েছেন কিউই এই ব্যাটিং-ভরসা। তবু নিউজিল্যান্ড এগিয়ে থাকছে কেন উইলিয়ামসনের কারণে। প্রোটিয়া ব্যাটসম্যানরা যে উইকেটে রানের জন্য ভুগেছেন, সেখানেই দারুণ ব্যাট করে অপরাজিত আছেন ৭৮ রানে। শুরুতেই টম ল্যাথামকে হারালেও ধাক্কাটা সামলে নিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার জিৎ রাভালকে (৫২) নিয়ে গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড (১০২)।
এর আগে ২২৯ রানে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামে ডিন এলগার (১৪০) আউট হতেই। ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এএফপি।