ভরসা দিচ্ছেন পূজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে স্টিভ স্মিথ এগিয়ে এসে হাত মেলালেন চেতেশ্বর পূজারার সঙ্গে। স্মিথের বদলে প্যাট কামিন্স হাত মেলালে দিনের পূর্ণাঙ্গ পরিসমাপ্তি হতো। রাঁচির তৃতীয় দিনটা যে পূজারা আর কামিন্সের।
বল হাতে আগুন ধরিয়েছেন কামিন্স, আর সেই তোপ সামলে টেস্ট খেলাটা কীভাবে খেলতে হয় দেখিয়ে দিয়েছেন পূজারা। ৬ উইকেট হারিয়ে ৩৬০ রানে তৃতীয় দিন শেষ করেছে ভারত। স্বাগতিকেরা প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ৯১ রানে।
পুরো ৯০ ওভার ব্যাট করে মাত্র ২৪০ রান করেছে ভারত। তিনের নিচে রান। না, উইকেটে জুজু নেই। অস্ট্রেলিয়ার বোলাররাই দুর্দান্ত বোলিং করে ভারতের রান তোলার কাজটা কঠিন করে তুলেছেন। মুরালি বিজয় জানাচ্ছেন, ‘রান করাটা খুব কঠিন ছিল। ওরা খুব ভালো জায়গায় বল করেছে। যদি মধ্যাহ্নবিরতিটা পার করতে পারতাম, হয়তো গল্পটা অন্য রকম হতে পারত।’
সে দায়টা কিন্তু বিজয়ের নিজের। বিরতির ঠিক আগের ওভারে স্টিভ ও’কিফের বলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ভারতীয় ওপেনার। এর আগে শুরুটা ভালোই ছিল ভারতের। বিজয় ফিরতেই বিপাকে পড়ল কোহলির দল। অধিনায়ক নিজেই এর জন্য দায়ী। সিরিজে নিজের ‘ফর্ম’ ধরে রেখে মাত্র ৬ রানে ফিরেছেন বিরাট কোহলি। কামিন্সের বলে তাঁর মতোই উইকেট ছুড়ে দিয়ে এসেছেন অজিঙ্কা রাহানে। কামিন্সের তোপের শিকার হয়ে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। এর আগেই দুর্দান্ত একটা বলে করুণ নায়ারকে বোল্ড করেছেন জশ হ্যাজলউড। তাতেও অবশ্য ভারত যে স্বস্তি নিয়ে দিন শেষ করতে পারল, এর কৃতিত্বটা পূজারার। বারবার সঙ্গীহারা হয়েও অবিচল পূজারা তুলে নিয়েছেন সিরিজের নিজের প্রথম সেঞ্চুরি। দিনের শেষভাগে ঋদ্ধিমান সাহাও আস্থা দিয়েছেন তাঁকে। স্টার স্পোর্টস।