ভরসা সেই 'বুড়ো' চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের ঘড়িটা ৪৩ ছুঁই-ছুঁই, কিন্তু শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় আছে? জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেছে। তাঁর ধীরস্থির, দৃঢ়চিত্তের ব্যাটিং দেখতে এখন কাউন্টি ক্রিকেটই ভরসা। সেখানেই দেখা দিলেন পরিচিত চন্দরপল, ল্যাঙ্কাশায়ারের হয়ে। পরশু সারের বিপক্ষে ৬৭ রানে ৫ উইকেট হারিয়েছিল ল্যাঙ্কাশায়ার। তবে চন্দরপল তো ছিলেন!
৫৫ রানের ষষ্ঠ উইকেট জুটিতে প্রথমে ধাক্কাটা সামলে নিলেন। আর জর্ডান ক্লার্ককে নিয়ে ২৪৩ রানের জুটিতে ম্যাচের রাশ টেনে নিলেন নিজেদের দিকে। আটে নামা ক্লার্কই অবশ্য ছিলেন বেশি আক্রমণাত্মক। প্রথম শ্রেণিতে নিজের প্রথম সেঞ্চুরির (১৪০) পর ক্লার্ক আউট হলেও চন্দরপল খেলে গেছেন নিজের মতো। আর কোনো যোগ্য সঙ্গী পাননি, কিন্তু একাই লড়ে গেছেন টেস্টে প্রায় ১২ হাজার রান করা চন্দরপল।
৮ ঘণ্টা ২ মিনিটের লড়াইটা শেষ হয়েছে আরেক বর্ষীয়ান গ্যারেথ ব্যাটির অফ স্পিনে। ততক্ষণে অবশ্য চন্দরপলের নামের পাশে ১৮২ রান। এএফপি।