ভরসা হয়ে আছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশান্ত শর্মাকে ঘিরে তাঁর সতীর্থদের এই উচ্ছ্বাস ডেভিড ম্যালানকে আউট করার পর। এরপর আরও ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন ভারতীয় এই পেসারই। কাল এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে।  ছবি: রয়টার্স
ইশান্ত শর্মাকে ঘিরে তাঁর সতীর্থদের এই উচ্ছ্বাস ডেভিড ম্যালানকে আউট করার পর। এরপর আরও ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন ভারতীয় এই পেসারই। কাল এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে। ছবি: রয়টার্স

এজবাস্টন টেস্টটাকে ইংল্যান্ডের ১০০০তম টেস্ট হিসেবেই মনে রাখতে হতো। কিন্তু শুধু একটিমাত্র সংখ্যার জন্যই এই টেস্টটাকে মনে রাখতে হচ্ছে না। এজবাস্টন উপহার দিয়ে চলেছে অসাধারণ এক ক্রিকেট লড়াই। উত্থান-পতনে ভরা দারুণ ক্রিকেট চলছে বার্মিংহামে।

অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিদ্বন্দ্বিতাটা এতটাই জমেছে যে তৃতীয় দিন শেষে বলার উপায় ছিল না, চার দিনেই শেষ হতে চলা সিরিজের প্রথম টেস্টে বিজয়ীর হাসি হাসবে কোন দল। তৃতীয় দিন শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১১০ রান। জিততে হলে বিরাট কোহলির দলকে করতে হবে আরও ৮৪ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন ৫ উইকেট।

তৃতীয় দিনের চা-বিরতির আগে কাল দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট ১৮০ রানে। সঙ্গে প্রথম ইনিংসের ১৩ রানের লিড নিয়ে ইংল্যান্ড ভারতের সামনে লক্ষ্য বেঁধে দেয় ১৯৪ রানের। লক্ষ্যে পৌঁছাতে কোহলিদের লড়তে হচ্ছে ইংলিশ পেস আর ইতিহাসের বিপক্ষে। এজবাস্টনে ম্যাচের চতুর্থ ইনিংসে ১৯৪ বা এর বেশি রান তাড়া করে জয়ের উদাহরণ আছে মাত্র দুটি। যার সর্বশেষটি আবার ১০ বছর আগের ঘটনা। ইংল্যান্ডের মাটিতে ভারত এর আগে ১৭৩ রানের বেশি তাড়া করে টেস্ট জেতেনি। তবে ভারতের আশার প্রতীক হয়ে উইকেটে আছেন অধিনায়ক বিরাট কোহলি (৪৩*)। তাঁর সঙ্গী উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিকের রান ১৮।

ভারতকে যে এত বড় (!) লক্ষ্য দেওয়া গেল, তাতে ইংলিশরা ধন্যবাদ দেবে স্যাম কারেনকে। রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মার স্পিন-পেস যুগলবন্দীতে হাঁসফাঁস করে ৮৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে। কারেন উইকেটে আসেন এর ১ বল আগে, ষষ্ঠ উইকেট পড়ার পর। কারেন সেই যে আসেন, ২২ ওভার পরে ফেরেন শেষ ব্যাটসম্যান হিসেবে। এই ২২ ওভারে ইংল্যান্ড যোগ করেছে ৯৩ রান, যার ৬৩-ই তাঁর।

ইংল্যান্ড দিন শুরু করে ১ উইকেটে ৯ রান নিয়ে। দ্বিতীয় উইকেট পড়তে সময় লাগেনি, কিটন জেনিংস ফেরেন দিনের চতুর্থ ওভারেই অশ্বিনের বলে স্লিপে লোকেশ রাহুলের ক্যাচ হয়ে। ইংল্যান্ডের রান তখন মাত্র ১৮। উইকেটের ঘরে ৩ বসে ৮ ওভার পরে, ইংল্যান্ড তখন ৩৯। এবার অশ্বিনের শিকার ইংলিশ অধিনায়ক জো রুট।

ডেভিড ম্যালান ও জনি বেয়ারস্টো মিলে রানটাকে ৭০-এ নিয়ে যাওয়ার পর সম্ভবত ইশান্ত শর্মার মনে পড়ে যায়, ইংল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারদের সেরা বোলিংটা তাঁরই। ১৭ বলের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ছন্নছাড়া করে দেন ইংল্যান্ডের মিডল অর্ডারকে। পরে স্টুয়ার্ট ব৶ডকে ফিরিয়ে পঞ্চম উইকেটও পেয়ে যান দীর্ঘকায় পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৮৭ ও ৫৩ ওভারে ১৮০ (কারেন ৬৩, বেয়ারস্টো ২৮; ইশান্ত ৫/৫১, অশ্বিন ৩/৫৯, উমেশ ২/২০)। ভারত: ২৭৪ ও ৩৬ ওভারে ১১০/৫ (ধাওয়ান ১৩, রাহুল ১৩, কোহলি ৪৩*, অশ্বিন ১৩, কার্তিক ১৮*; ব্রড ২/২৯)।