ভরসার নাম ইমরান তাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান তাহির
ইমরান তাহির

অকল্যান্ডে আজ যখন নিউজিল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা, স্মৃতির সরণি বেয়ে উঠে আসছে ওমর হেনরি নামের বিস্মৃতপ্রায় এক স্পিনারের নাম। এই নিউজিল্যান্ডেই ১৯৯২ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচই খেলেছিলেন হেনরি—১০ ওভারে ৩১ রানে ১ উইকেট। সাবেক ক্রিকেটার মাইক প্রক্টরের এখনো আফসোস, ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালটিতে তিনি খেললে ফল অন্য রকমও হতে পারত। তবে আজ অকল্যান্ডে এবি ডি ভিলিয়ার্স সে রকম আক্ষেপ করার কোনো সুযোগই দেবেন না। ইমরান তাহির ঘূর্ণিবলে যেমন মুগ্ধতা ছড়াচ্ছেন, আজ দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্রও হয়ে যেতে পারেন!
অথচ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার ভবিষ্যদ্বাণী করতে বললে কেউ ডেল স্টেইন, মরনে মরকেল বা ভারনন ফিল্যান্ডার ছাড়া আর কারও কথা ভাবতেনই না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের স্পিনবিমুখ উইকেটে একজন লেগ-স্পিনার আর কতটুকুই বা কী করতে পারবেন? তাহির প্রতিনিয়ত সবাইকে ভুল প্রমাণ করেই যাচ্ছেন। এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়ে শীর্ষ ছয়ে আছেন। স্পিনারদের মধ্যে শুধু ড্যানিয়েল ভেট্টোরিই তাঁর সমতায় আছেন। আর দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট ৩৫ বছর বয়সী এই স্পিনারেরই।
এমনিতে ভালো একজন স্পিনারের জন্য দক্ষিণ আফ্রিকার হা-পিত্যেশ দীর্ঘদিনের। নিকি বোয়ে, রবিন পিটারসেন, ইয়োহান বোথা, প্যাট সিমকক্সরা গত দুই দশকে খুব বলার মতো কিছু করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের আসল কাজ ধরা হতো একটাই, আঁটসাঁট বল করা। তাতে কমবেশি সফল হলেও উইকেট নেওয়ার বেলায়ও তিনজনই ভীষণ ‘কৃপণ’, ওয়ানডেতে ১০০ উইকেট নেই কারও। তাহির দুই কাজই করে যাচ্ছেন দারুণ দক্ষতায়। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ১৯.৯৪ গড়ে নিয়েছেন ৭০ উইকেট, স্ট্রাইক রেট ২৭.৪। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.৩৫ করে।
লাহোরে জন্ম নেওয়া এই স্পিনার কৃতিত্বটা দিচ্ছেন সতীর্থ বোলারদের, ‘আমার মনে হয় ফাস্ট বোলাররা আমার কাজটা সহজ করে দিয়েছে।’ এই দলে তাহির কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে নিতে পারেন ডি ভিলিয়ার্সের এই বক্তব্যে, ‘গত দুই বছরে সে আমাদের সেরা বোলারদের একজন।’
আজ কি আবার চমক দেবেন তাহির? ক্রিকইনফো।