ভরা মৌসুমে অপেক্ষায় ক্রিকেটাররা
ক্রিকেটারদের কানে কাল সন্ধ্যা পর্যন্ত খবরটা পৌঁছায়নি। উল্টো সবাই সংশয়ে ছিলেন, ১৯ ফেব্রুয়ারি থেকে আসলেই আবার শুরু হবে তো বিসিএল! একজন তো এমনও বলে ফেললেন, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোনো কিছুই কি আর ঠিক সময়ে শুরু হয়েছে? এটাও দেখবেন, একদিন হলেও পেছাবে।’
বাস্তবে উল্টোটাই সম্ভবত ঘটছে। বিসিএল আবার শুরু হতে পারে কয়েক দিন আগেই। কারণ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুলনায় বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলায় চট্টগ্রামে আর সেটার প্রয়োজন মনে করছেন না। তা ছাড়া কাল-পরশুর মধ্যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা হয়ে যাবে। সেই দলের বাইরে অতিরিক্ত ১০-১২ জন খেলোয়াড়কে চট্টগ্রামে নিয়ে যাওয়ার নাকি তাই আর যুক্তি খুঁজে পাচ্ছেন না কোচ।
হাথুরুসিংহের সর্বশেষ ইচ্ছা জানার পর বিসিএলের নতুন শুরুর দিনটা এগিয়ে আনার কথা ভাবছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান, ‘কোচ তাঁর পরিকল্পনা বদলেছেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে চেষ্টা করব লিগ শুরুর দিন এগিয়ে আনতে।’
সে রকম হলেই ভালো। নইলে ক্রিকেটের ভরা মৌসুমে খেলতে না পারার যন্ত্রণা আরও কিছুদিন বয়ে বেড়াতে হবে খেলোয়াড়দের। ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান মার্শাল আইয়ুব কাল মুঠোফোনে আফসোস করছিলেন, ‘বছরের এই সময়টা চার দিনের ম্যাচ খেলার জন্য সবচেয়ে উপযুক্ত। উইকেটও ভালো থাকে। আর এখনই কিনা বিসিএলে এ রকম একটা বিরতি পড়ল!’
টেস্ট খেলুড়ে দেশ হয়েও বাংলাদেশে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধায় এখনো অনেক ঘাটতি। এক মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়া একসঙ্গে অনুশীলনের সব সুবিধা আর কোথাও নেই। মাঠের অভাবে তাই মার্শালসহ বেশির ভাগ ক্রিকেটারের অনুশীলন বন্ধ। মাঝেমধ্যে রানিং আর জিম করে শুধু ফিটনেস ধরে রাখারই চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ব্যাটসম্যান মুমিনুল হকের সৌভাগ্য যে কাল তিনি মিরপুরে অনুশীলন করতে পেরেছেন। তারপরও কণ্ঠে অনিশ্চয়তা, ‘কাল (আজ) তো মনে হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা আছে। জানি না ঢুকতে পারব কি না।’ মুমিনুল অবশ্য মাঝে পাঁচ-ছয় দিন বিকেএসপিতে থেকে অনুশীলন করে এসেছেন। বিকল্প খুঁজে নিয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শাহরিয়ার নাফীসও। নিয়মিত ব্যাটিং প্র্যাকটিস করছেন উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে। সুযোগ পেলে মিরপুরে গিয়ে জিম-রানিংও করে আসেন। কিন্তু ভরা মৌসুমে খেলতে না পারার ক্ষোভ তাতে কমছে না, ‘দুই রাউন্ড হয়েই খেলায় বিরতি! এভাবে হওয়ার চেয়ে লিগ না হওয়াই ভালো।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বড় সব মাঠ ব্যস্ত। বিসিএলের কোনো দলই তাই দলীয়ভাবে অনুশীলন করতে পারছে না। প্রসঙ্গটা তুলতে নাফিস ইকবাল তো রীতিমতো আঁতকে উঠলেন, ‘বিশ্বকাপের নিরাপত্তার কারণে তো মাঠের আশপাশেও যাওয়ার উপায় নেই!’ একই হতাশা শামসুর রহমানের কণ্ঠেও, ‘১৫ জন ক্রিকেটারের জন্য ১০০ জন ক্রিকেটার খেলতে পারছে না। মাঠের অভাবে অনুশীলনও বন্ধ।’
অফুরান অবসরের সময়টাকে অনেকে কাজে লাগাচ্ছেন ঘুরে বেড়িয়ে আর পিকনিক করে। কেউ কেউ ‘খ্যাপ’ খেলে উপার্জন করে নিচ্ছেন বাড়তি অর্থ। মধ্যাঞ্চল তো আগামী শুক্রবার দলীয়ভাবেই একটা পিকনিক করবে বলে জানালেন মোহাম্মদ শরীফ। নিজ শহর নারায়ণগঞ্জে হতে যাওয়া সেই ‘মিলনমেলা’ নিয়ে অবশ্য তাঁকে খুব আনন্দিত মনে হলো না। ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসারের কথায়ও ক্ষোভ, ‘প্রথম সারির ৮০-৯০ জন ক্রিকেটার এখন বসে আছে। এই খেলোয়াড়েরা খেলতে না পারায় শুধু তাদেরই ক্ষতি হচ্ছে না, দেশের ক্রিকেটও নতুন প্রতিভা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যে ২৫-২৬ জনকে নিয়ে জাতীয় দলের অনুশীলন হচ্ছে, ভবিষ্যতে তাদের বাইরেও তো খেলোয়াড় লাগতে পারে।’
যত দ্রুত সম্ভব বিসিএল আবার মাঠে গড়ালেই কেবল শেষ হবে খেলোয়াড়দের এই হতাশায় ভরা অপেক্ষা।