ভাগ্য কি ফিরল ভাইকিংদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন ফরহাদ রেজা, সতীর্থের সঙ্গে তাসকিনের উদ্‌যাপন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন চিটাগং ভাইকিংস পেসার। কাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l শামসুল হক
আউট হয়ে গেলেন ফরহাদ রেজা, সতীর্থের সঙ্গে তাসকিনের উদ্‌যাপন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন চিটাগং ভাইকিংস পেসার। কাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l শামসুল হক

আচ্ছা, কত দর্শক ছিল? এ প্রশ্ন উঠতেই একজন বললেন, ২০ হাজার তো হবেই। পাশ থেকে একজন সংশোধনী আনলেন, আরে, ধারণক্ষমতাই তো ১৮ হাজার! ১৮ হোক কিংবা ২০, কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সত্যিকারের টি-টোয়েন্টি উৎসবে মেতেছিলেন চট্টগ্রামের দর্শকেরা। উৎসবটা আরও রঙিন হলো স্থানীয় দলের জয়ে। চার ম্যাচ বিরতি দিয়ে জয়ে ফিরল চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে ১৯ রানের জয়ে হাঁপ ছাড়লেন তামিম ইকবালরা।
শুধু তামিমদের সমর্থনেই গলা ফাটাননি সমর্থকেরা। গ্যালারিতে লাল ভাইকিংদের মাঝে নিজেদের উপস্থিতিও জানিয়ে দিয়েছেন হলুদ রঙা কিংরা। এমন তুমুল সমর্থনের মাঝে দুর্দান্ত খেলেছে দুই দলই। তবে শেষের ঝড়ে এগিয়ে চিটাগং ভাইকিংস পেল নিজেদের দ্বিতীয় জয়। দুই জয়েই ম্যাচসেরা মোহাম্মদ নবী জানেন হারের বৃত্ত থেকে দলকে বের করে আনা কত কঠিন, ‘টানা চার ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানো খুব কঠিন। কোচ ও অধিনায়ক তাই সবাইকে মাঠে নিজেদের সেরাটা দিতে বলেছেন।’
সেরাটাই দিয়েছেন আফগান অলরাউন্ডার। ১০ম ওভারে ৬৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন। ২০ ওভার শেষে যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন নামের পাশে অপরাজিত ৮৭ রান। ৬ ছক্কা ও ৬ চারের ইনিংসটি খেলতে তাঁর লেগেছে মাত্র ৩৭ বল! আবার বোলিংয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে সামিত প্যাটেলের উইকেট।
ভালো করেছেন এনামুল হকও। ৪০ বলে ৫০ রান করেছেন, পঞ্চম উইকেটে মাত্র ৫৫ বলে ১০৫ রানের জুটিতে নবীকে দিয়েছেন দারুণ সংগত। কিন্তু এ যে নবীর দিন। বিজয়ের রান যখন ১৯, তখন উইকেটে এসেছিলেন, সেই নবী যখন আবুল হাসানকে ছক্কা মেরে ২৫ বলে ফিফটি করলেন, অপর প্রান্তে বিজয়ের রান ৪৬! শেষ ৫ ওভারে চট্টগ্রাম নিয়েছে ৭৬ রান।
টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর এমন ব্যাটিং ছিল অবিশ্বাস্য। নবীর এমন ঝড়েই ১৯০ রানের বিশাল স্কোর দাঁড় করাতে পেরেছে চট্টগ্রাম। তবে এমন ব্যাটিংয়ের বর্ণনাটা বড্ড সাদাসিধে দিলেন নবী, ‘পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। এক-একটা বল দেখে খেলতে চেয়েছি। লক্ষ্য ছিল ১৬০/১৭০ করার। হাতে উইকেট রেখে শেষ ৩ ওভারে মারব ভেবেছি।’
১৯১ রানের লক্ষ্যে শুরুটা ভালোই ছিল রাজশাহীর। দ্বিতীয় ওভারে টানা চারটি চারে মুগ্ধ করেন মুমিনুল হক। তবে বিপিএলে শুরুতে কোনো দলে সুযোগ না পাওয়া জুনায়েদ সিদ্দিকও খেলেছেন দারুণ। কিন্তু তাসকিন আহমেদের বলে মুমিনুল আউট হয়ে যাওয়ার পর আর কোনো বড় জুটিই হয়নি তাদের। তাই চার ছক্কায় ৩০ বলে ৪৬ রানের ইনিংসে ভয় দেখালেও কাজের কাজ করতে পারেননি সাব্বির রহমান। উমর আকমলের সঙ্গে তাঁর ৩৪ রানের জুটিটা আশা দেখাচ্ছিল, তাসকিনের বলে আউট হয়ে সেটি দুরাশায় রূপ দিয়েছেন আকমল। ১৫তম ওভারে সাব্বিরের আউটে ম্যাচের ফল নিয়ে দূর সব অনিশ্চয়তা।
গলার জোরে সমানে সমান লড়ে যাওয়া রাজশাহী কিংসের সমর্থকেরাও হার মেনেছেন চট্টগ্রামের কাছে। আর টেল এন্ডারদের শেষ করে দিয়ে ৫ উইকেট পেলেন তাসকিন। এই ফাস্ট বোলারের টি-টোয়েন্টি ক্যারিয়ারেই প্রথম ‘পাঁচ’।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৯০/৫ (তামিম ৫, স্মিথ ৩৪, এনামুল ৫০, এলিয়ট ৮, জহুরুল ২, নবী ৮৭*, নাজমুল ১*; ফরহাদ ১/৪৪, মিরাজ ১/১৮, হাসান ১/৪৭, প্যাটেল ২/২১, সিরিবর্দনা ০/২৯, স্যামি ০/৩০)।
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৭১/৯ (মুমিনুল ২২, জুনায়েদ ৩৮, সাব্বির ৪৬, আকমল ২১, প্যাটেল ৬, স্যামি ১৪, সিরিবর্দনা ৪, মিরাজ ২, ফরহাদ ৯, নুরুল ৩*, হাসান ৫*; নবী ১/২৪, মাহমুদুল ০/৩৩, তাসকিন ৫/৩১, ইমরান ২/২৮, সাকলাইন ০/৩২, এলিয়ট ১/২৩)।
ফল: চিটাগং ভাইকিংস ১৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী।