ভাগ্য ফিরছে বাট-আসিফদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরের পর ক্রিকেটে ফিরছেন আসিফ, বাটও। ছবি: এএফপি
আমিরের পর ক্রিকেটে ফিরছেন আসিফ, বাটও। ছবি: এএফপি

মোহাম্মদ আমির দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দারুণ পারফরম্যান্সে পাকিস্তান জাতীয় দলে ফেরার সম্ভাবনাও জোরদার করছেন। অথচ, ত্রিরত্নের অন্য দুই রত্ন কিনা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেই খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন! এমন ‘অবিচারে’র অবসান ঘটতে চলেছে। মোহাম্মদ আমিরের পর মাঠে ফিরছেন মোহাম্মদ আসিফ ও সালমান বাটও। আগামী মাস থেকেই ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করবেন তারা।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এমন ইঙ্গিতই দিয়েছেন। প্রয়োজনীয় পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তাঁদের নাকি ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হচ্ছে, ‘বাট ও আসিফ পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এরপরই তাঁদের টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছি আমরা।’
২০১০ সালের ইংল্যান্ড সফরেই অপকর্মটা করেছিলেন এই তিনজন। টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করেছিলেন আমির ও আসিফ, আর পুরো ব্যাপারটি তদারকি করেছিলেন অধিনায়ক বাট। সেই দোষেই পাঁচ বছরের নিষেধাজ্ঞা মাথায় নিতে হয় তিনজনের, জেলও খাটতে হয় তাদের। নিষেধাজ্ঞার মেয়াদটা ছিল এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু বয়স বিবেচনা করে মোহাম্মদ আমিরকে স্থানীয় ক্রিকেটে ফেরার সুযোগ করে দেওয়া হয় এপ্রিলেই। কিন্তু বাট ও আসিফের ক্ষেত্রে ফেরাটা আরও দীর্ঘায়িত করা হয়েছে। সেপ্টেম্বরেই ফেরার কথা থাকলেও তাঁদের স্থানীয় ক্রিকেটে খেলতে দেওয়া হয়নি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল ওয়াপদা এই দুজনকে দলে রাখলেও ড্রেসিং রুম থেকেই খেলা দেখতে হয়েছে এঁদের। পিসিবিও ক্রিকেটে ফেরার আগে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে তাঁদের।
শুরুতে এই দুজনকে একটি ওয়ানডে প্রতিযোগিতায় খেলতে দিচ্ছে পিসিবি। এই প্রতিযোগিতার পর প্রথম শ্রেণির ক্রিকেটেও ফিরতে পারবেন এই দুজন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অন্য ক্রিকেটার আমির ইতিমধ্যেই পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে শুরু করেছেন। স্থানীয় ক্রিকেটের পর বাংলাদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলেও দারুণ বোলিং করছেন। তাঁর পারফরম্যান্স দেখে খোদ পিসিবি প্রধানও ইঙ্গিত দিয়েছেন আমিরের জাতীয় দলে ফেরার। আমিরের ভাগ্যের এমন পরিবর্তন সাহসী করে তুলেছে আসিফকেও। এই ৩৩ বছর বয়সেও তাই জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন, ‘আমার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। জাতীয় দলে ফেরার সর্বোচ্চ চেষ্টাই আমি করব।’ সূত্র: এএফপি