ভাগ্যকে সঙ্গে পেল না হিউজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। মার্টিন ক্রো তাঁর সময়েরও অন্যতম বিশ্বসেরা। ক্যানসারের সঙ্গে লড়তে থাকা সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ফিল হিউজের মৃত্যুতে শোকাহত। হিউজকে নিয়েই কলাম লিখেছেন ক্রিকইনফোতে
রাস্তায়, সামাজিক যোগাযোগমাধ্যমে, ক্যাফে আর রেস্তোরাঁয় এখন শুধুই ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুশোক। যে শোক আমাদেরও নির্বাক করে দিয়েছে, বেদনায় নীল এবং বিভ্রান্ত। ক্রিকেটার হিসেবে আমাদের শোক আরও গভীর, এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই!
২৫ বছরে খেলোয়াড়ি জীবনে আমি কম করে হলেও ২০ বার কাঁধের ওপর চোট পেয়েছি। ঘাড়ে, গলায় অথবা মাথায়। গা করিনি খুব একটা। সবাই তা-ই করে। স্মৃতির ভেলায় এখন সেই মুহূর্তগুলো ভেসে আসছে। ১৯৮২ সালে ওয়েলিংটনে অভিষেক টেস্টেই জেফ টমসনের বল লেগেছিল মাথার পেছনে, ১৯৮৫ সালে জর্জটাউনে মাইকেল হোল্ডিংয়ের বলে চোট পেয়েছিলাম কানের ওপরে, ক্রাইস্টচার্চে ব্রুস রিডের বাউন্সারে চোয়াল প্রায় ঝুলে গিয়েছিল ১৯৮৬ সালে। বেশ কয়েকবার মনে হয়েছে মৃত্যুকে সামনে দেখছি। কখনোই মনে হয়নি কোনো বোলার আমার প্রতি বিদ্বেষ নিয়ে এভাবে বল করছে। যদিও ১৯৮৪ সালে টন্টনে অ্যান্ডি রবার্টসের পর পর দুটি বিমারের ব্যাপারে এতটা নিশ্চয়তা দিয়ে এ কথা বলতে পারছি না।

প্রতিবারই আমি সৌভাগ্যবান ছিলাম। আমরা অনেকেই সৌভাগ্যবান ছিলাম। ফিল হিউজ সেই ভাগ্যকে নিজের সঙ্গে পেল না! এত দিন পর আবার যার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা জেগেছিল তাকে কেন এভাবে চলে যেতে হবে!
মাইকেল ক্লার্ক আর ডেভিড ওয়ার্নারের জন্য খুব কষ্ট হচ্ছে আমার। ওরা দুজন সম্ভবত সবচেয়ে কাছের ছিল হিউজের। সহমর্মিতা সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারের প্রতি। একই সঙ্গে শন অ্যাবটের জন্যও সহমর্মিতা থাকল। ও কোনোভাবেই অপরাধী নয়। সে-ও তো শিখছে। সে একটা একটা ভালো বল করেছে, যে বলে ব্যাটসম্যানকে হুক কিংবা পুল করার চ্যালেঞ্জ ছিল। কিংবা হতে পারত ক্যাচও।
তাঁর চলে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু একটা ব্যাপার আমার মাঝেমধ্যে মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকেরা হিউজের সঙ্গে একটু অবিচারই করেছেন। মাত্র ২৬টি টেস্ট খেলেছে ছেলেটা। ২৬ টেস্ট তো লেগেছিল স্টিভ ওয়াহর প্রথম সেঞ্চুরি পেতেই, পরে আরও ৩১টি সেঞ্চুরি করেছে সে। প্রথম ২৬ টেস্ট তো শিখতে শিখতেই চলে যায়। ফল আসা শুরু করে তারপর। অথচ হিউজের সময় কাটল দলে আসা-যাওয়ার মধ্যে। কখনো ওপরে ব্যাট করেছে, কখনো নিচে। তবু ব্যাগি গ্রিন ক্যাপ পরে আবার খেলার জন্য হাসিমুখে অপেক্ষা করে গেছে।
হিউজের প্রতি তাই আমার শ্রদ্ধা। একজন মানুষের সব মহৎ গুণগুলোই ছিল তাঁর মধ্যে—উদ্যম, সাহস, পরিশ্রম, নম্রতা। ফিলিপ হিউজ এ খেলাটিকে আরও সম্মানিত করেছে। খুব করে তার অভাব অনুভব করব আমরা। তার অসমাপ্ত শেষ ইনিংসটা কখনো ভুলব না।