ভাগ্যবদলের আশায় জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের সংবাদ সম্মেলন শুরুর সম্ভাব্য সময় বিকেল সোয়া চারটা। কিন্তু সময় পেরিয়ে গেলেও কারও সেদিকে আসার নাম-গন্ধ নেই। পৌনে পাঁচটার দিকে যখন এলেন এলটন চিগুম্বুরা, সংবাদ সম্মেলনকক্ষ তখন প্রায় খালি। খবর পেয়ে প্রেসবক্স আর মাঠের নানা জায়গা থেকে ক্যামেরা, মাইক্রোফোন, রেকর্ডার হাতে ছুটে এলেন সংবাদকর্মীরা। পুরো সময়টা ধৈর্য ধরে বসে রইলেন জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়ক। যেন জয়ের দেখা পাওয়ার মতোই দীর্ঘ সেই অপেক্ষা!
বাংলাদেশে আসার পর তিন দিনের প্রস্তুতি ম্যাচ, তিনটি টেস্ট ও এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। জয় এখনো অধরা। কাল সংবাদ সম্মেলন তো একপর্যায়ে শুরুই হলো এই প্রশ্ন দিয়ে, জয় কি ধরা দেবে আজ বা এই সিরিজে?
চিগুম্বুরা আশাবাদী। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছেই যেভাবে উড়ে গেছে এই দল, তাতে এই আশার কোনো ভিত্তি হয়তো খুঁজে পাওয়া ভার। তবে সংস্করণের বদলেই ভাগ্যবদলের আশায় জিম্বাবুয়ে অধিনায়ক, ‘যেহেতু ভিন্ন সংস্করণ, আমরা ভিন্ন কিছুর আশায় আছি। চাই সিরিজটা ভালোভাবে শুরু করতে। জানি টেস্ট সিরিজ আমরা যেভাবে চেয়েছি সেভাবে যায়নি। তবে সেটা অতীত। এখন আমাদের এই ৫টি ম্যাচে মনোযোগ দিতে হবে। যে কজন নতুন ক্রিকেটার এসেছে ওয়ানডে দলে, আশা করি ভিন্ন কিছু হবে।’
গায়ের সাদার বদলে রঙিন পোশাক চাপালেই যে ভেল্কিবাজির মতো সব বদলে যাবে না, সেই প্রমাণ পরশুর প্রস্তুতি ম্যাচেই মিলেছে। তবে শুধু জাদুর ছোঁয়া নয়, চিগুম্বুরার আশার একটা ভিত্তিও আছে, ‘ওয়ানডেতে আমাদের এমন কিছু ক্রিকেটার আছে যারা নিজেদের নিজে ম্যাচের ফল পক্ষে আনতে পারে। টেস্টের চেয়ে ওয়ানডে আমরা খেলিও অনেক বেশি। ওয়ানডেতে তাই টেস্টের চেয়ে ভালো খেলাই প্রত্যাশিত।’
সেই ভালো খেলায় বাদ সাধতে পারে রাতের শিশির। দ্বিতীয় ইনিংসের প্রায় পুরোটা জুড়েই থাকবে মাঠে শিশিরের প্রভাব। পরের বোলিং করায় ঝমেলা হওয়ার কথা যথেষ্টই। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেটি নিয়ে শঙ্কাটা লুকাননি। তবে চিগুম্বুরা কিন্তু অতটা শঙ্কিত নন, ‘টস গুরুত্বপূর্ণ হবে, তবে এটাই শেষ কথা নয়। শিশিরের প্রভাব থাকবে, তবে স্কিলই আসল। শিশির সামলে বোলিং করতে পারলে সমস্যা হওয়ার কথা নয়। দিন শেষে যে দল ভালো খেলবে, জিতবে তারাই।’
জিম্বাবুয়ে কালই প্রথম ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে। চিগুম্বুরা কথা বলেছেন এর আগেই। সন্ধ্যার অনুশীলনে তাই বদলে যাওয়ার কথা চিগুম্বুরার ভাবনা। কিংবা বদলে যেতে পারে আজও!