ভাগ্যিস ঘুম ভেঙেছিল কামরুলের!

ঘুম, গভীর ঘুমে আচ্ছন্ন কামরুল ইসলাম। ঘড়ি কাঁটা ৯টা পেরিয়ে ১০টা, ১০টা পেরিয়ে ১১টা...। কোন স্বপ্নে বিভোর কামরুল?
অতঃপর ঘুম ভাঙল। কোনোমতে চোখ মেলে ঘড়িটা দেখতেই চমকে উঠলেন! সর্বনাশ! হাতে মাত্র এক ঘণ্টা। পড়িমরি করে ছুটলেন বরিশাল স্টেডিয়ামে। পেসার হান্ট কর্মসূচি চলছে সেখানে। বড় ভাই সাইফুল ইসলামের তাগাদায় নাম লিখিয়েছিলেন এ কর্মসূচিতে। আরেকটু হলেই ফসকে যাচ্ছিল সুযোগটা! কামরুল দাঁড়িয়ে গেলেন লাইনে। বরিশাল অঞ্চলে প্রথমও হলেন। আট বছর আগের গল্পটা শুনিয়ে কামরুলের মুখে লাজুক হাসি, ‘ভাগ্যিস ঘুমটা ভেঙেছিল!’
অবশ্য সেবারের পেসার হান্ট কর্মসূচিতে সারা দেশে প্রথম হয়েছিলেন রুবেল হোসেন। সেবার কামরুলের স্বপ্নযাত্রা সফল না হলেও জীবনের বড় বাঁক বদল ছিল ওটাই। এরপরই ক্রিকেটে সঁপে দিলেন নিজেকে। এ কর্মসূচির অন্যতম কারিগর সরওয়ার ইমরান পেসার হান্ট থেকে পাওয়া কয়েকজন বোলারকে নিয়ে এলেন জাতীয় দলের অনুশীলনে। সে দলে কামরুলও ছিলেন।
কামরুলকে নিয়ে ইমরানের মূল্যায়ন, ‘আট বছর আগে সে এক রকম ছিল। এখন আরেক রকম। সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে তৈরি করেছে। রুবেল, শফিউল, রবিউলের পর পেসার হান্ট থেকে জাতীয় দলে এল রাব্বী (কামরুল)। নতুনের চেয়ে পুরোনো বলে বেশি ভালো করতে পারে। দারুণ সম্ভাবনা আছে তার।’
জাতীয় দলের অনুশীলনে ভালো বোলিংয়ের পর সুযোগ মিলল প্রিমিয়ার ডিভিশনের দল ওল্ড ডিওএইচএসে। এরপর অনূর্ধ্ব-১৯ দলে। খেললেন ২০১০ যুব বিশ্বকাপ। ৪ ম্যাচে নিলেন ৬ উইকেট। প্লেট ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। জাতীয় লিগ, বিসিএল, বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল—নানা ধাপ পেরিয়ে স্বপ্নের দুয়ারে পা রাখলেন গত সেপ্টেম্বরে।
ভারত সফরে তাসকিন আহমদের চোটের কারণে আকস্মিকভাবে ডাক পেলেন ‘এ’ দলে। কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে ঠিক মেলে ধরতে না পারলেও গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়লেন নির্বাচকদের। তিনটি এক দিনের ম্যাচে নিলেন ৬ উইকেট। একটি তিন দিনের ম্যাচে ৩ উইকেট। সেপ্টেম্বর-অক্টোবর—এ দুটি মাস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কামরুলের, ‘গত দুটি মাস ছিল খুবই গুরুত্বপূর্ণ। আসলে ভারত সফরে প্রধান নির্বাচক ফারুক ভাই (ফারুক আহমেদ) এবং দক্ষিণ আফ্রিকা সফরে আরেক নির্বাচক সুমন ভাই (হাবিবুল বাশার) কাছ থেকে আমার বোলিং দেখায় ভালো হয়েছে।’
পৈতৃক ভিটা পটুয়াখালীতে, কিন্তু বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দায় বেড়ে ওঠা এই ২৩ বছর বয়সী পেসারের আদর্শ ওয়াসিম আকরাম ও মাশরাফি বিন মুর্তজা। মানুষ এবং খেলোয়াড় হিসেবে মাশরাফিকে অনুসরণ করেন সব সময়। নিজে ডানহাতি পেসার হওয়ার পরও বাঁহাতি ওয়াসিম কেন আদর্শ? ‘তাঁর সুইং ও ইয়র্কার দেখে অনেক কিছু শিখেছি’—কামরুলের উত্তর।
১৪ জনের দলে ডাক পেলেন। এখন লক্ষ্য একটাই, একাদশে সুযোগ করে নেওয়া। আরও একটি স্বপ্ন রয়েছে কামরুলের। তবে সেটা বলতে চান না এখনই, ‘স্বপ্নটা মনেই থাকুক। কোনো একদিন বলব...।’