ভাগ্যিস সৌরভ ঠিক সময়ে হাসপাতালে গিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বিপদ হয়নি সৌরভের।
ছবি: এএফপি

গত শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সভাপতি ও ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুকে ব্যথা অনুভব করেন, একপর্যায়ে অজ্ঞানও হয়ে যান। এরপর তাঁকে নেওয়া হয় কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এরপরেই একটিতে স্টেন্ট লাগানো হয়।

তবে আশার খবর, গাঙ্গুলী এখন সুস্থ আছেন। আজ হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন সৌরভ। ছাড়া পেলেও বাসায় তীক্ষ্ণ নজরদারিতে থাকবেন বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রূপালী বসু। তাঁর চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে গতকাল মঙ্গলবার বেঙ্গালুরু থেকে কলকাতায় গেছেন প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি এসে সৌরভকে দেখার পর পরবর্তী দুটি স্টেন্ট লাগানোর সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছিল।

ওদিকে দেবী শেঠিই আশার বাণী শুনিয়েছেন সৌরভ-ভক্তদের। বলেছেন, ঠিক সময়ে হাসপাতালে এসে সঠিক চিকিৎসা নিয়েই বিপদমুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘সৌরভের কোনো বড় সমস্যা হয়নি। জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে যেকোনো ভারতীয়ই এমন অভিজ্ঞতা হয়, এ নতুন কিছু নয়। করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়া অস্বাভাবিক কিছু নয়। তাঁর হৃদযন্ত্রের কি বড় কোনো ক্ষতি হয়ে গিয়েছে? না। ব্লকেজ ধরা পড়ার কারণে কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু ঠিক সময়ে ঠিক হাসপাতালে এসে ঠিক চিকিৎসা পাওয়ার কারণে সে বিপদ থেকে তিনি এখন মুক্ত।’

২০ বছর বয়সে সৌরভের হৃদ্‌যন্ত্র যেমন ছিল, এখনো তেমনই আছে বল জানিয়েছেন দেবী শেঠি, ‘তাঁর হৃদ্‌যন্ত্র এখনো ঠিক ততটাই শক্তিশালী, যেমনটা তাঁর ২০ বছর বয়সের সময়ে ছিল। আমি সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হৃদ্‌যন্ত্রের এমন কোনো খারাপ ঘটনা ঘটেনি। তাঁর হৃদ্‌যন্ত্র এখনো অনেক অনেক শক্তিশালী।’

সৌরভের অসুস্থতায় উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফোন করে কথা বলেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে দেখতে শনিবারই হাসপাতালে গিয়েছিলেন। উদ্বেগ জানিয়ে টুইটও করেছেন। তাতে লেখা, ‘সৌরভ গাঙ্গুলী মৃদু হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুনে খারাপ লাগছে। তাঁর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোনাকে জানিয়েছেন প্রয়োজনে সৌরভের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা।