ভাগ্যিস স্মিথ এগিয়ে এসেছিলেন!

৩৭তম ওভারে মিচেল স্টার্কের বলটা অজিঙ্কা রাহানের ব্যাট ছুঁয়েছে কি ছোঁয়নি—তা নিয়ে প্রশ্ন । স্টার্কের বেরিয়ে যাওয়া বল রাহানের ব্যাটে এমনই পালকের স্পর্শ লাগিয়ে হাডিনের গ্লাভসে গিয়েছিল যে, বোলার-কিপার সেভাবে আবেদনই করেননি। কিন্তু স্মিথ চোখ-কান খাড়া করে দেখেছেন বলটা। তাঁরই পীড়াপীড়িতে রিভিউ নেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
কী আশ্চর্য, রিপ্লেতে ‘স্নিকো’র সাহায্যে দেখা গেল, বলটা আসলেই রাহানের ব্যাট ছুঁয়েছে। ভাগ্যিস স্মিথ এগিয়ে এসেছিলেন! নইলে উইকেটে থিতু হয়ে যাওয়া রাহানের গুরুত্বপূর্ণ উইকেটটা কি এভাবে পেত অস্ট্রেলিয়া! উদযাপনে তাই সতীর্থদের আলাদা বাহাবা পেলেন স্মিথ।
স্মিথ বোঝালেন, ভারতকে পেলে কেবল তাঁর ব্যাট অস্বাভাবিক চওড়া হয়ে ওঠে না, দারুণ সক্রিয় হয়ে ওঠে ষষ্ঠ ইন্দ্রিয়! এবার অস্ট্রেলীয় গ্রীষ্ম জুড়ে ভারতকে ভুগিয়েছেন তিনি। মৌসুমে টেস্ট-ওয়ানডে দুই সংস্করণে ভারতের বিপক্ষে সাত ম্যাচে করেছেন পাঁচ সেঞ্চুরি, মোট রান ৯২১। আজও তাঁর সেঞ্চুরিতেই বেজেছে ভারতের বিদায়ঘণ্টা!