ভাগ্যের ছোঁয়ায় এই ম্যাক্সওয়েল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল

রিভার্স সুইপ না হয় নতুন কিছু নয়। কিন্তু রিভার্স ফ্লিক! গ্লেন জেমস ম্যাক্সওয়েলের অভিধানে ‘চিরায়ত ব্যাকরণে’র বাইরের শটের অভাব নেই! টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যুগে ম্যাক্সওয়েল এক রোমাঞ্চের নাম, ‘দ্য সুপার ম্যাক্সি’!
ওয়ানডেতে সেঞ্চুরিটা অধরা ছিল এত দিন। কাছে গিয়েও ফিরে আসছিলেন বারবার। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে ঘুচিয়েছেন সেই ‘আক্ষেপ’। ৫৩ বলে ১০২ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহটিকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান এখন তাঁরই (২৫৭ রান, গড় ৬৪.২৫, স্ট্রাইক রেট ১৯০.৩৭)। ব্যাট হাতে সময়টা দারুণ যাচ্ছে ম্যাক্সির। তবে সময় যে বদলাতে পারে, ম্যাক্সওয়েল তা জানেন, ‘এটা ভালো (ভালো ফর্ম) অবশ্যই। ভালো সময়ের সুযোগটা আমি নিতে চাই পুরোপুরি। তবে আমি জানি, সবকিছু কীভাবে বদলে যেতে পারে। তখন রান আসবে কীভাবে, সেটা নিয়েই ভাবতে হবে। আমি তাই বর্তমান ফর্মটাকেই যত দূর সম্ভব টেনে নিয়ে যেতে চাই।’
অথচ বিশ্বকাপের দলে নিশ্চিত ছিলেন না ম্যাক্সওয়েল! কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি! ভাগ্যের সহায়তাকে বড় করে দেখছেন এই ডানহাতি, ‘আপনি যদি ভাগ্যকে একটু পাশে পান, তারপর কিছু রান করেন, দেখবেন সব কেমন দ্রুতগতিতে এগোচ্ছে! আসলে আমি টেকনিকে তেমন কিছুই পরিবর্তন করিনি। সামান্য ভাগ্যের সহায়তায় হয়েছে অনেক বড় কিছু।’
তবে ম্যাক্সওয়েলের চোখ বিশ্বকাপ, সীমিত ওভারের ক্রিকেট ছাড়িয়ে আরও দূরে, ক্রিকেটের চূড়ান্ত পর্যায় টেস্টেই থিতু হতে চান এই ভিক্টোরিয়ান। এ পর্যন্ত তিনটি টেস্ট খেলে একটিও ফিফটি নেই তাঁর। ম্যাক্সি জানেন, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে অ্যাশেজ সফরে জায়গা পেতে উন্নতি তাঁকে করতেই হবে, ‘উইন্ডিজ ও ইংল্যান্ড সফরে সুযোগ পেলে আমি খুশি হব। তবে সবকিছুই নির্ভর করছে বিশ্বকাপে আমার পারফরম্যান্সের ওপর। আশা করি, বিশ্বকাপে পরের ম্যাচগুলোতেও আমি রান পাব।’
তা ম্যাক্সি আশা করতেই পারেন। অস্ট্রেলিয়াও যে গ্লেন জেমস ম্যাক্সওয়েলের কাছে আশা করে অনেক! সিডনি মর্নিং হেরাল্ড।