ভাগ্যের হাতে মুস্তাফিজের বিশ্বকাপ

দুজনের কথাতেই তাঁর অভাব অনুভবের জ্বালা। দুজনের কথাতেই তাঁর জন্য আকুতি। ডান পাঁজরের চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাতে যুগপৎ হতাশ।
কোচ-অধিনায়কের এই হতাশা এশিয়া কাপ ছাপিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ হল্যান্ডের বিপক্ষে। মুস্তাফিজের ম্যাচে বল করার মতো অবস্থায় আসতে লাগতে পারে দুই সপ্তাহ। সে ক্ষেত্রে প্রথম পর্বে হল্যান্ড ম্যাচ তো বটেই, ১১ ও ১৩ মার্চ আয়ারল্যান্ড আর ওমানের বিপক্ষে তাঁর খেলাও পড়ে যেতে পারে অনিশ্চয়তার মধ্যে।
বিসিবির ফিজিও-চিকিৎসকেরা অবশ্য আশাবাদী, মুস্তাফিজ অনুশীলনের বোলিং শুরু করতে পারবেন আগামী ৪-৫ দিনের মধ্যেই। তাঁর বয়স কম এবং এ ধরনের চোট এই প্রথম পেলেন বলে চোট কাটিয়ে ওঠাও সহজ হবে বলেই ফিজিও-চিকিৎসকের ধারণা। টিম ম্যানেজমেন্টের এক সদস্য তো আশার কথাই শোনালেন, ‘সর্বোচ্চ সাত দিন, এমনকি আগামী ৪-৫ দিনের মধ্যেও বোলিং শুরু করতে পারে মুস্তাফিজ।’
ভাগ্য সে রকম সুপ্রসন্ন হলে বিশ্বকাপের আগেই ম্যাচে বল করার মতো অবস্থায় চলে আসতে পারেন মুস্তাফিজ। তবে এই আশা পূরণ অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করছে। এ ধরনের চোট কাটিয়ে ওঠার সময়টা একেকজনের ক্ষেত্রে একেক রকম। সেটা এক থেকে তিন সপ্তাহ পর্যন্তও হতে পারে।
চোট থেকে ফিরে শুরুতেই ম্যাচের মতো বল করতে পারবেন না। অনুশীলনে প্রথমে কম গতিতে বল শুরু করে আস্তে আস্তে নিজের আসল বোলিংয়ের দিকে যাবেন। ব্যথা যত কমবে, বোলিংয়ে জোর তত বাড়বে। পুনর্বাসনের এই প্রক্রিয়া যত দ্রুত এগোবে, তত তাড়াতাড়িই মুস্তাফিজের মাঠে ফেরার সম্ভাবনা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্যেই পাঁজরের ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। তবে বোঝেননি এই ব্যথা গুরুতর কিছুও হতে পারে। ম্যাচ শেষে ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে কথা বলে এবং পরদিন এমআরআই করিয়েই চোটের ব্যাপকতা বুঝতে পারেন। সূত্র জানিয়েছে, এখন যে ব্যথা আছে, সেটা নিয়ে মুস্তাফিজ চাইলে খেলা চালিয়ে যেতে পারেন। তবে ভবিষ্যতের জন্য তা হবে আরও বড় ঝুঁকির।
পরশু রাতেই তাই বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এশিয়া কাপে মুস্তাফিজ আর খেলবেন না। দলের সঙ্গে থাকলেও কাল তাই অনুশীলনে আসেননি বাঁহাতি পেসার। অবশ্য কোচ-অধিনায়কদের কথায় বরাবরই এল মুস্তাফিজ প্রসঙ্গ। ‘মুস্তাফিজের না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। ও দলকে যা দেয়, সেটা সব সময়ই অসাধারণ কিছু’—বলেছেন মাশরাফি। তবে চোট-আঘাতের বাস্তবতা মেনে নেওয়াটা নিজের জীবন থেকেই শিখেছেন বাংলাদেশ অধিনায়ক। মুস্তাফিজের প্রতিও তাঁর বার্তা, ‘খুব অল্প সময়ে সে বাংলাদেশ দলকে যে সার্ভিস দিয়েছে, তা অবিশ্বাস্য। তবে এ ধরনের ইনজুরি হতেই পারে। যে কারও যেকোনো সময় ইনজুরি হতে পারে। একজন খেলোয়াড় হিসেবে এই বাস্তবতা আমি মানি।’
হাথুরুসিংহের চোখে মুস্তাফিজ ‘ব্যতিক্রমধর্মী প্রতিভা’। তাঁর কাছ থেকে যা পাওয়া যায়, সেটা অন্য কেউ দিতে পারবেন কি না সংশয় আছে কোচের, ‘আমি নিশ্চিত অন্যরাও তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলবে। হয়তো মুস্তাফিজের মতো হবে না, তবে তারাও তাদের সেরাটাই দেবে।’ মুস্তাফিজের চোট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অশনিসংকেত কি না এখনই বলতে চান না হাথুরুসিংহে। ফিজিও-ট্রেনারদের মতো তিনিও যেন ব্যাপারটাকে ভাগ্যের হাতেই ছেড়ে দিতে চাইলেন, ‘এসব চোট থেকে পুরোপুরি সেরে উঠতে নাকি অনেক সময় দুই থেকে তিন সপ্তাহও লেগে যায়। তবে সুস্থ হওয়ার সময়টা একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। দেখা যাক ওর ক্ষেত্রে কী হয়?’