ভাঙা হাতে ব্যাটিং করে পেলেন কোহলির স্যালুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির সঙ্গে হামিদ। ছবি: টুইটার
কোহলির সঙ্গে হামিদ। ছবি: টুইটার

এক দিন আগেই মোহালি টেস্ট জিতে গেছে ভারত। স্ট্রোকের দ্যুতিতে ৮ উইকেটের সহজ এক জয় এনে দিয়েছেন পার্থিব প্যাটেল। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর সব প্রশংসা জমা করে রাখলেন প্রতিপক্ষের এক ব্যাটসম্যানের জন্য—হাসিব হামিদ। ভাঙা হাতে ব্যাট করতে নেমেও ফিফটি করেছেন এই কিশোর তারকা। দলের জন্য হামিদের এমন আত্মত্যাগে মুগ্ধ কোহলি।

আঙুলের চোটটা প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময়ই পেয়েছিলেন হামিদ। চোটের কারণে ভারতের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতেই নামেননি। নিতান্তই দলের খুব বিপদ ছিল, এ জন্য নেমেছিলেন দ্বিতীয় ইনিংসে—১০৭ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল বলে। নেমে ১৫৬ বলে ৫৯ রানে অপরাজিত থেকেছেন। কোনো বোলারই পারেননি তাঁকে সমস্যায় ফেলতে। অথচ শুধু হাতই ভাঙেনি, অস্ত্রোপচার করাতে হবে হামিদকে। কিন্তু একবারও ব্যাটিং দেখে মনে হয়নি, গ্লাভসের আড়ালে থাকা আঙুল ভাঙা!
তাঁর এমন পারফরম্যান্সে বিস্মিত কোহলি, ‘এ পর্যায়ে মাত্র ১৯ বছর বয়সেই সে তাঁর চারিত্রিক দৃঢ়তা বুঝিয়েছে। দলের প্রয়োজনে সে এগিয়ে এসেছে। শেষ উইকেটে জিমি অ্যান্ডারসনের সঙ্গে অনেকক্ষণ ব্যাট করেছে। এভাবে টেল এন্ডারদের নিয়ে খেলে পরিণত মানসিকতা দেখিয়েছে সে। সে জানত, তাকে কী করতে হবে। অধিনায়ক হিসেবে আমি বুঝতে পারছিলাম সে বুদ্ধিমান এবং খেলাটা বোঝে।’
টিকে থাকার দারুণ ক্ষমতার জন্য ১৯ বছরেই নাম পেয়ে গেছেন ‘ল্যাঙ্কাশায়ারের বয়কট’। টেস্ট ক্রিকেটের সঙ্গে দারুণ মানিয়ে যায় তাঁর ব্যাটিং। তবে কোহলির ধারণা, এত দারুণ ব্যাট করতে পারে, সে সব সংস্করণেই ভালো করবে, ‘ইংল্যান্ডের জন্য ভালো সম্পদ সে। যদি নিজের স্কিল নিয়ে খেলতে পারে ভবিষ্যতে সব সংস্করণেই তারকা হয়ে উঠবে। আমি খুবই মুগ্ধ, এ কারণেই তার পিঠ চাপড়ে দিয়েছি।’
ভাঙা হাত নিয়ে ৬টি চার মেরেছেন হামিদ। দারুণ এক ছক্কায় পেয়েছেন ফিফটি। মনেই হয়নি কোনো চোট নিয়ে খেলছেন। কিন্তু বাস্তবতা হলো, চোটের জন্য তাঁকে অস্ত্রোপচার করতে হবে। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছেন, কতটা কঠিন ছিল এভাবে ব্যাট করা, ‘তার হাত ভেঙে গেছে। বিশেষ এক ইনিংস ছিল এটা। ওর অনেক কষ্ট হচ্ছিল। একটু অন্যভাবে ব্যাট ধরেছিল, যাতে চাপ না পড়ে। তবু বল মারলেই তো ব্যাট কেঁপে ওঠে।’
সিরিজে আরও দুটি টেস্ট বাকি। তবে অভিষেক সিরিজের পুরোটা না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যানকে।