ভাবতে পারেননি হাথুরুও

টেস্টে জেতার প্রথম ‘শর্ত’ই হচ্ছে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া। বাংলাদেশের বোলাররা পারবেন ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ দুবার অল আউট করতে? চার দিন আগেও উত্তরটা ‘না’-ই ছিল চণ্ডিকা হাথুরুসিংহের কাছে। বাংলাদেশ কোচ বলেছিলেন, ইংল্যান্ডকে দুবার অল আউট করার সামর্থ্য নেই তাঁর বোলারদের। কোচকে ভুল প্রমাণ করেছে তাঁর শিষ্যরা। আর এতে সবচেয়ে খুশি কোচ নিজেই।
বাংলাদেশ আসলেই অনভিজ্ঞ আর ধারহীন এক বোলিং আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু এখন পর্যন্ত এই টেস্টে বাংলাদেশ যে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে বারবার, বোলারদের কৃতিত্বই বেশি। তাতে অভিষিক্ত মেহেদী মিরাজের যেমন অবদান আছে, আছে সাকিবের মতো অভিজ্ঞ বোলারেরও।
নিজে প্রত্যাশার পারদ নিচে নামিয়ে রাখলেও হাথুরু নিজে কিন্তু দলের বোলারদের প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে গেছেন। আজ সংবাদ সম্মেলনে হাথুরুকে যখন মুশফিক-সাব্বিরের পারফরম্যান্সের কথা জিজ্ঞাসা করা হলো, ব্যাটসম্যান নয়, বোলারদেরই প্রশংসায় ভাসালেন, ‘আমি কারও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বলব না। সত্যি খুশি তারা ওদের ২০ উইকেট নিয়েছে। এটা একটা ইতিবাচক দিক ছিল। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে চার দিন শেষেও যে ম্যাচে আছি, এতে দারুণ খুশি।’
এ সময় টেস্টের অন্যতম সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে বাংলাদেশ বারবার এমন জয়ের সুযোগ তৈরি করবে, সে–ও কজনই বা ভেবেছিল? হাথুরুও বললেন, ‘চার দিন আগেও ভাবিনি ম্যাচে জয়ের মতো অবস্থায় থাকব। আমাদের অসাধারণ একটা গেম-প্ল্যান ছিল।’ জয় থেকে বাংলাদেশ এখন যত রান দূরে, সেটি প্রথম ইনিংসের লিডেই যে পাওয়া উচিত ছিল, সেই আফসোসও থাকল কোচের কথায়, ‘প্রথম ইনিংসে আরও ভালো করতে পারলে খুশিই হতাম।’
অতীত রেকর্ড আর পরিসংখ্যানের দিকে তাকিয়ে হয়তো বোলারদের সামর্থ্য নিয়ে সংশয় জেগেছিল কোচের। ৯৩টি টেস্টে মাত্র ৮টিতে প্রতিপক্ষকে দুবার অলআউট করতে পেরেছে বাংলাদেশ। তবে চট্টগ্রাম টেস্টে বোলাররা কোচের সেই সংশয়টা দূর করেছেন। হাথুরু বললেন, উইকেটের সুবিধা বোলাররা ভালোভাবে কাজে লাগাতে পেরেছে বলেই এই সাফল্য, ‘বোলাররা নিজেদের প্রমাণ করেছে। আমাদের বোলিং শক্তির সঙ্গে মানিয়ে যায় এমন উইকেটের সর্বোচ্চ ব্যবহার আমরা করেছি।’