ভাবতে হচ্ছে র্যাঙ্কিং নিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা ফুরফুরে মেজাজেই খেলার কথা ছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে র‌্যাঙ্কিং-ট্যাঙ্কিং নিয়ে না ভাবলেও চলত। কিন্তু হঠাৎ করেই উটকো ঝামেলা এসে হাজির। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে জিম্বাবুয়ের প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজটাই বাংলাদেশের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার পাশে প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আগের দুটি সিরিজের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিতলে অবশ্য দূর হয়ে যাবে সব সংশয়।
সিরিজে একটি জয়েও অবশ্য কাজ হয়ে যেতে পারে। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাতে। এক ম্যাচ জিতলে পয়েন্ট একই থাকবে। কিন্তু তিন ম্যাচেই হেরে গেলে তা কমে হবে ৯০। দুই ক্ষেত্রেই বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দিকে। জিম্বাবুয়েতে তিন জাতি সিরিজটি হলে সেদিকেও।
৮৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন নয়ে। ৮ নম্বর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারালে পাকিস্তানের পয়েন্ট হবে ৯৪। সিরিজটা ৪-১-এ জিতলে ৯২। আর পাকিস্তান ৩-২-এ জিতলে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯০। তবে দুই দলের পয়েন্ট সমান হলে দশমিকের ব্যবধানে পাকিস্তান বাংলাদেশের নিচেই থাকবে। অর্থাৎ বাংলাদেশ যদি হোয়াইটওয়াশও হয়, বাংলাদেশকে টপকে যেতে পাকিস্তানকে কমপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিততে হবে।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে পারলে ইংল্যান্ডকে টপকে উঠে যাবে র‌্যাঙ্কিংয়ের ছয়ে। বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বা কোনো ম্যাচ টাই হলে যে হিসাবটা বদলে যাবে, সেটি বোধ হয় না বললেও চলে। তথ্যসূত্র: আইসিসি।