ভাবনায় এবার মাঠের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ক্রিকেট দল অবশেষে আসছে, দেশের ক্রিকেটে তাই স্বস্তির বাতাবরণ। তবে মাঠের বাইরে স্বস্তি থাকলেও চিন্তা মাঠের লড়াই নিয়ে এবং সেটা বোলিং আক্রমণ নিয়েই বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বশেষ সাফল্যগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেস বোলিংয়ের। ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে যেন সেটারই ছায়া। ৩০ জনের মধ্যে পেসার ৯ জন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণ পেস শক্তি নিয়ে নামতে পারবে তো বাংলাদেশ?
কদিন আগে কাঁধের অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড সিরিজে তাঁকে না পাওয়াটা দলের জন্য বড় ধাক্কাই। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল জানার আগ পর্যন্ত নিশ্চয়তা নেই তাসকিন আহমেদকে পাওয়ারও। রুবেল হোসেন, শফিউল ইসলাম দীর্ঘদিন দলের বাইরে। মুক্তার আলীর একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও কামরুল ইসলামের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। ওয়ানডেতে পেস আক্রমণের মূল ভরসা তাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আল আমিন।
মাঠের অস্বস্তি বেশ ভাবাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে, ‘ওরা (ইংল্যান্ড) খেলার মধ্যে আছে। আমাদের সমস্যা, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আমরা খেলায় নেই। খেলায় নেমে ফর্মও তো ফিরে পেতে হবে। আর আমাদের মূল বোলার মুস্তাফিজ নেই। তাসকিনও এখন পর্যন্ত নিশ্চিত নয়। এদিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি।’ কথাটায় সায় আছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের। তবু পেসারদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘এবার কন্ডিশনিং ক্যাম্পে কিছু খেলোয়াড় খুব ভালোভাবে নিজেদের কাজটা করেছে। যারা এখন আছে তাদের নিয়েও টেস্ট ও ওয়ানডেতে ভালো ফল পাওয়া যাবে আশা করি।’
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও পেসারদের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। এটিই আশাবাদী করছে বিসিবির আরেক নির্বাচক হাবিবুল বাশারকে। পেস আক্রমণ নিয়ে তাই দুশ্চিন্তার কারণ দেখছেন না তিনিও, ‘যারা আছে তারা কিন্তু ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ লিগে ভালোই করেছে। শফিউল-রুবেল ভালো করেছে। মাশরাফি তো আছেই। নতুনদের মধ্যে রাব্বী (কামরুল ইসলাম) ভালো করেছে। আল আমিন আছে। আশা করি, সমস্যা হবে না। মুস্তাফিজ নেই, সেটি নিয়ে তো করার কিছু নেই। অন্য যারা আছে, কেউ খারাপ অবস্থায় নেই। সবাই অভিজ্ঞ বোলার।’
মুস্তাফিজের অভাব অপূরণীয় মানলেও হাবিবুলের শেষ কথাটার সঙ্গে একমত পেসার আল আমিন হোসেন, ‘শুধু মুস্তাফিজের জায়গা পূরণ করলেই ভালো করব, তা নয়। সেরা একাদশে আমরা যে-ই খেলি না কেন, সবাইকে খেলতে হবে দল হিসেবে। ধরুন, মুস্তাফিজের ছিল ১০০-এর মধ্যে ৪০। আর আমরা বাকি সবাই মিলে ৬০। এখন মুস্তাফিজ যেহেতু নেই, আমাদের সবাইকে কিছু কিছু করে বাড়তি দিয়ে ১০০ পূরণ করতে হবে।’
চ্যালেঞ্জটা এখন ওখানেই—বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের রূপকার মুস্তাফিজের অভাব পূরণ করা।