ভাবীর কাছে আবদার চাহালের

শুধু ভারতীয় ক্রিকেট নয় , বিশ্ব ক্রিকেটেই মজার এক চরিত্রের নাম যুজবেন্দ্র চাহাল। মাঠে অনেক খুনসুটি করতে দেখা যায় এই লেগ স্পিনারকে। নিজের ভিডিও চ্যানেল চালু করে মজা করেন ভারতের সফরগুলোতে। এতে মানুষের দারুণ আগ্রহ দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটেও সেটা দেখার সুযোগ করে দিয়েছিল।
আপাতত সব ধরণের খেলা বন্ধ। তাই 'চাহাল টিভি' দেখারও সুযোগ নেই। করোনাকালে খেলা বা অনুশীলন না থাকলেও রসিকতা করতে তো আর বাধা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুটিয়ে মজা করে সময় কাটাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রীর বলিউড তারকা আনুশকা শর্মার কাছে রেখেছেন এক আবদার।
কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করেছিলেন আনুশকা। ভিডিওতে দেখা যায় ঘরে বসে কাল্পনিক ভাবে ব্যাটিংয়ে নামা কোহলিকে চার ছয় মারার উৎসাহ দিয়ে যাচ্ছেন তিনি। ঘরে থাকতে থাকতে বিরক্ত কোহলিকে মানসিকভাবে চাঙ্গা রাখার সেই ভিডিতেই আবদারটা জানিয়েছেন চাহাল।
আনুশকার কাছে দেবর হিসেবে নিজের দাবিটা জানিয়েছেন চাহাল, 'ভাবী আপনি বলে দিন, চাহালকে ওপেনিং নামাও, চাহালকে ওপেনিং নামাও। ভাই হয়তো আপনার কথা শুনবে।'
একজন পুরোদস্তুর বোলারের ব্যাটিং পরিসংখ্যান যেমন হয় চাহালেরও তাই। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৪বার খেলতে নেমে মোটে ১৩ বার ব্যাট ধরার সুযোগ পেয়েছেন। তাতে ব্যাটিং লাইনআপে সর্বোচ্চ নয়ে নেমে ব্যাট করতে পেরেছেন, তাও মাত্র তিন বার। বাদবাকি সময়ে দশ বা এগারোতেই নামতে হয়েছে তাঁকে। এমন ব্যাটসম্যানের ওপেনিংয়ে নামার শখ হলে অধিনায়কের স্ত্রীর কাছেই তো আবদার করতে হবে!