ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ইতিহাস গড়বেন এই নারী
ইতিহাস তিনি আগেই গড়েছেন। গত বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ানডে ম্যাচে।
ছেলেদের ওয়ানডে ইতিহাসে প্রথম নারী হিসেবে পালন করেন মাঠের আম্পায়ারের দায়িত্ব। ৩২ বছর বয়সী ক্লেয়ার পোলোসাকের সামনে এখন টেস্ট ইতিহাসে নতুন পাতা যোগ করার উপলক্ষ।
রাত পোহালে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে চতুর্থ আম্পায়ারের (রিজার্ভ) দায়িত্বে থাকবেন পোলোসাক।
ছেলেদের টেস্ট ইতিহাসে এর আগে কখনো কোনো নারী খেলা পরিচালনা দলের (পিসিটি) সদস্য হননি।
তৃতীয় টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার পল রেইফেল ও পল উইলসনকে। তৃতীয় অর্থাৎ টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি ডেভিড বুন।
টেস্টে আইসিসির নিয়ম অনুযায়ী, রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে থাকে সিরিজ আয়োজককারী ক্রিকেট বোর্ড। সিরিজ এবার অস্ট্রেলিয়ায় হওয়ায় পোলোসাককে সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইসিসির আম্পায়ার প্যানেলে মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে সিদ্ধান্তটি নিয়েছে সিএ।
নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা পোলোসাক অস্ট্রেলিয়ায় ছেলেদের লিস্ট ‘এ’ ম্যাচেও প্রথম নারী ম্যাচ অফিশিয়াল।
সিডনিতে কাল পোলোসাককে রিজার্ভ আম্পায়ারের চিরাচরিত দায়িত্ব পালন করতে দেখা যাবে। নতুন বল নিয়ে মাঠে যাবেন, মাঠের আম্পায়ারদের পানীয় সরবরাহের দায়িত্ব তাঁর। এ ছাড়া নতুন বেলস দেওয়া, আলোর মিটারের ব্যাটারি পরীক্ষা করা, মধ্যাহ্নভোজ ও চা বিরতির সময় উইকেট পাহারা দেওয়াও রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব।
মাঠের কোনো আম্পায়ার কোনো কারণে ম্যাচ পরিচালনা করতে না পারলে তখন তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিজার্ভ আম্পায়ার। তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের ভূমিকা নেবেন তখন।
২০১৮ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসাক। মেয়েদের বিগব্যাশেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন তিনি।
ছেলেদের ওয়ানডেতে ইতিহাস গড়ার পর পোলোসাক ক্রিকইনফোকে বলেছিলেন, ‘খুব রোমাঞ্চিত লাগছে। কতটা পথ এগিয়ে এসেছি! নারী আম্পায়ারদের এগিয়ে নেওয়া প্রয়োজন। ছেলেদের ক্রিকেটে তাদের আম্পায়ারিং করতে না দেওয়ার কোনো কারণ নেই।’