ভারত-অস্ট্রেলিয়ার বিতর্কিত পাঁচ
>ঐতিহ্য বা উন্মাদনা অ্যাশেজের মতো নয়। তবে সাম্প্রতিককালে উত্তেজনায় ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ অ্যাশেজের কাছাকাছিই বলা যায়। মাঠে নামার আগেই জমে ওঠে কথার লড়াই, যে লড়াইয়ের ছাপ পড়ে মাঠের খেলাতেও। আর তারই ফল, বেশ কিছু বিতর্কের জন্ম। আরও একটা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ইতিহাস খুঁড়ে আনা তেমনি পাঁচটি বিতর্কিত ঘটনা—
‘অমার্জিত’ গাভাস্কার
এর আগের ১০ ইনিংসে কোনো ফিফটি ছিল না। কিন্তু মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সুনীল গাভাস্কার খেলছিলেন দারুণ। নামের পাশে তখন ৭০ রান, আর তখনই ওই কাণ্ড! ডেনিস লিলির একটা বলে এলবিডব্লুর আবেদন হলো, আঙুল তুলে দিলেন আম্পায়ার রেক্স হোয়াইটহেড। ভীষণ খেপে গেলেন গাভাস্কার, তাঁর দাবি বল প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত কি আর বদলায়! মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যাওয়ার সময় গাভাস্কার তাঁর সঙ্গী অন্য ব্যাটসম্যান চেতন চৌহানকেও বললেন মাঠ ছেড়ে চলে আসতে। অবশ্য চৌহান সীমানা পেরোনোর আগেই তাঁকে থামিয়ে দেন তখনকার ভারতীয় দলের ম্যানেজার শহীদ দুররানি। সেদিন চৌহান যদি গাভাস্কারের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যেতেন, হয়তো ম্যাচটা আর হতো না, শাস্তি পেতে পারত ভারত। পরে এক সাক্ষাৎকারে গাভাস্কার স্বীকার করেছেন, সেদিন তাঁর আচরণ ছিল অমার্জিত এবং এর জন্য তিনি অনুতপ্তও। ১৯৮১ সালের ওই টেস্টটা কিন্তু ভারত জিতেছিল ৫৯ রানে।

‘শোল্ডার বিফোর উইকেট’
১৯৯৯ সালের অ্যাডিলেড টেস্টে বিচিত্র এক অভিজ্ঞতা হয়েছিল টেন্ডুলকারের। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৯৬ রানের লক্ষ্যে খেলছিল ভারত। গ্লেন ম্যাকগ্রার একটা বাউন্সার ছেড়ে দেবেন বলে নিচু হলেন টেন্ডুলকার। কিন্তু ‘লিটল মাস্টার’ যতটা ভেবেছিলেন, বল ততটা উঠল না। লাগল গিয়ে ৫ ফুট ৪ ইঞ্চি টেন্ডুলকারের কাঁধে। আবেদনের পর তাঁকে এলবিডব্লু দিয়ে দিলেন আম্পায়ার ড্যারিল হারপার। টেন্ডুলকার তখনো রানের খাতাই খোলেননি। রিপ্লে দেখে এটা যে এলবিডব্লু ছিল, তা নিশ্চিত হওয়া গেল না। টেন্ডুলকার নিজে অবশ্য এ নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখালেন না, শুধু হতাশ হওয়ার ভঙ্গি করলেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম পরের কিছুদিন সমালোচনায় মুখর ছিল এই আউট নিয়ে।
সৌরভের জন্য ওয়াহর অপেক্ষা
টস করতে মাঠে গেছেন স্টিভ ওয়াহ, কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তখনো আসেননি। এলেন বেশ দেরি করে। একবার নয়, ২০০১ সালের ওই সিরিজে বারবার ওই কাজ করেছেন সৌরভ। প্রতিপক্ষ অধিনায়কের প্রতি এটা সৌরভের অসম্মানজনক আচরণ বলে আত্মজীবনীতে লিখেছেন ওয়াহ। শুরুতে অনেক দিন সৌরভ এটাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে গেছেন। তবে পরে হিন্দুস্তান টাইমস-এর এক সেমিনার ও নিজের টেলিভিশন শো ‘দাদাগিরি’তে স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ানদের শিক্ষা দিতে ইচ্ছে করেই এ কাজটা করেছিলেন তিনি। ওই সিরিজেই নাকি ভারতীয় পেসার শ্রীনাথের সঙ্গে বাজে আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার কোচ বুকানন।
‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারি
সিডনিতে ২০০৮ সালে ‘নিউ ইয়ার টেস্ট’টা বোধ হয় ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কে আলাদা একটা অধ্যায় হয়েই থাকবে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন, ভারতীয় স্পিনার হরভজন সিং তাঁকে ‘বানর’ বলেছেন। ক্রিকেটে এটা কুখ্যাত হয়ে আছে ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’ নামে। ম্যাচ রেফারি মাইক প্রক্টর বর্ণবাদের দায়ে তিন টেস্টের জন্য বহিষ্কার করেছিলেন হরভজনকে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ভারত, হুমকি দিয়েছিল সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাওয়ার। আপিলের পর অবশ্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েই পার পেয়ে যান হরভজন। ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টেন্ডুলকারের সাক্ষ্যের। ম্যাচের ওই ঘটনার সময় হরভজনের সঙ্গে উইকেটে ছিলেন টেন্ডুলকার। পরে আত্মজীবনীতে অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘প্রথম শুনানিতে টেন্ডুলকার বলেছিল সে অনেকটা দূরে ছিল, তাই হরভজন কী বলেছে এটা শুনতে পারেনি। কিন্তু হরভজনকে সমর্থন দিতে গিয়ে পরের শুনানিতে ও বলল, হরভজন মাঙ্কি জাতীয় কিছু বলেনি।’ ওই টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
কোহলির ‘মধ্যমা’
এবারও ঘটনা সিডনিতে, তবে মাঙ্কিগেটের প্রায় চার বছর পর। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় বিরাট কোহলিকে দুয়ো দিচ্ছিলেন কিছু উগ্র অস্ট্রেলিয়ান দর্শক। কোহলি পাল্টা জবাব দিলেন বাঁ হাতের মধ্যমা দেখিয়ে। ক্রিজে তখন ছিলেন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। কোহলির ওই ছবি ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ল ক্রিকেট বিশ্বে। শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হলো। কোহলি অবশ্য পরে টুইটারে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘ক্রিকেটারদের প্রত্যাঘাত করাটা মানায় না, সেটা আমি মানছি। কিন্তু দর্শকেরা মা-বোন তুলে গালাগালি দিচ্ছিল, যেটা আমি জন্মেও শুনিনি।’ তাঁর প্রতি সহমর্মিতা জানিয়ে তখন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন টুইট করেছিলেন, ‘ওয়েলকাম টু অস্ট্রেলিয়া, বাডি।’